ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার ব্যাংকের কার্যক্রমে তেমন ব্যস্ততা দেখা যায়নি। কারণ, গ্রাহকের সংখ্যা ছিল সীমিত। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের ঢাকার মতিঝিলের স্থানীয় কার্যালয়ে
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার ব্যাংকের কার্যক্রমে তেমন ব্যস্ততা দেখা যায়নি। কারণ, গ্রাহকের সংখ্যা ছিল সীমিত। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের ঢাকার মতিঝিলের স্থানীয় কার্যালয়ে

সাত দিনের ছুটি শেষে ব্যাংকে লেনদেন শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবার নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের উপস্থিতি ছিল কম। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। আর অফিস কার্যক্রম চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

ছুটির পর প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান এবং গল্পগুজব করে সময় কাটান। কারণ, এদিন গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেক গ্রাহক ছুটি কাটিয়ে এখনো রাজধানীতে ফেরেননি। ফলে প্রথম দিন ব্যাংকগুলোতে স্বাভাবিকের তুলনায় লেনদেন কম হয়েছে। তবে ধীরে ধীরে গ্রাহক উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকের মতো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা প্রতিষ্ঠানগুলোতেও একই চিত্র দেখা গেছে।

ব্যাংকে আসা গ্রাহকেরা নগদ অর্থ জমা কিংবা উত্তোলন অথবা আমদানি-রপ্তানিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদের ছুটির সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। ফলে ছুটির মধ্যেও গ্রাহকেরা নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পেরেছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

এদিকে দুই দিন ব্যাংকিং কার্যক্রম চলার পর স্বাধীনতা দিবসসহ আবারও টানা তিন দিনের ছুটি পড়েছে। ফলে আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।