আইসিএবি-ইআরএফ

সুদহার বৃদ্ধিতে শিল্প খাতে বিনিয়োগ কমবে

মুদ্রানীতিতে সুদহার বাড়ানোর ফলে বেসরকারি খাতে ব্যবসা সংকুচিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মুদ্রানীতি ও তার প্রভাব নিয়ে সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবি আয়োজিত গোলটেবিল আলোচনার উপস্থিত অতিথিরা। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে
আইসিএবির সৌজন্যে

নতুন মুদ্রানীতিতে সুদহার বাজারভিত্তিক করার ফলে এক অঙ্কের সুদহার থেকে বেরিয়ে আসবে ব্যাংক খাত। তাতে বেসরকারি খাতকে ঋণের জন্য এখন বাড়তি খরচ করতে হবে। সে জন্য বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সুদহার বাড়ানোর কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কমবে।

কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি ঘোষিত মুদ্রানীতিতে ভারী শিল্পের জন্য তেমন কিছু নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। এর সঙ্গে অবশ্য অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন।

গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের কাউন্সিল হলে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘মনিটরি পলিসি অ্যান্ড ইমপ্লিকেশন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন অভিমত দেন।

সরকার নিজে এক লাখ কোটি টাকার ওপরে ঋণ নিলে বেসরকারি খাত ঋণ পাবে কোথা থেকে?
মোহাম্মদ আলী, সভাপতি, বিটিএমএ

গোলটেবিল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ‘খেলাপি ঋণ নিয়ে অনেক আলোচনা হলেও বেনামে ব্যাংক থেকে কত ঋণ নেওয়া হয়েছে, তার সঠিক হিসাব নেই। বেনামে নেওয়া এসব ঋণ অনেক সময় রাজনৈতিক বিবেচনায় সরকারি ব্যাংক থেকে দেওয়া হয়েছে। “গাড়িচালক, বুয়া বা বাড়ির চাকরের নামেও ঋণ নেওয়ার ঘটনা আছে।” দিন শেষে রাষ্ট্রের এসব বোঝা চাপানো হয় শিল্পমালিকদের ওপর।

মুদ্রানীতিতে শিল্পের জন্য কিছু নেই, এমন অভিযোগ করে মোহাম্মদ আলী প্রশ্ন করেন, সরকার নিজে এক লাখ কোটি টাকার ওপরে ঋণ নিলে বেসরকারি খাত ঋণ পাবে কোথা থেকে? দেশের জ্বালানি আমদানিতে প্রতিবছর ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার খরচ হচ্ছে। আমদানিনির্ভর জ্বালানি খাত দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। যাঁরা বিদ্যুতের ব্যবসা করেন, তাঁরা রাতারাতি কোটিপতি হয়েছেন। এ ধরনের লুণ্ঠনকারীদের হাতে সবকিছু তুলে দিলে মুদ্রানীতি কোনো কাজে আসবে না। এ ছাড়া তিনি শিল্প বন্ড চালু করার দাবি তোলেন।

শিল্পমালিকেরা উদ্বিগ্ন উল্লেখ করে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সূত্র অনুসারে মুদ্রানীতি করা হয়েছে। এই মুদ্রানীতি বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ ব্যাহত করবে। এখনই শিল্পকারখানাগুলো ধুঁকছে। কারখানাগুলোর যে সক্ষমতা, তার মাত্র ৫০ শতাংশের মতো ব্যবহার করা যাচ্ছে। সুদহার বাড়ানোর কারণে বেসরকারি খাত এখন আরও চাপে পড়বে।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ জোরালো ছিল। তাতে বেসরকারি খাতে সুদের খরচ বাড়বে। সরকারকে অনেক কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আমরা মুদ্রানীতিকে স্বাগত জানাচ্ছি। তবে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।’

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক মাসে দেশের তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা দেখছেন না ফারুক হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি শেষ পর্যন্ত একটা মুদ্রা-সম্পর্কিত ব্যাপার। আর মুদ্রানীতির সঙ্গে রাজস্বনীতির একটা সম্পর্ক আছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। এ বছরের মুদ্রানীতিতে প্রবৃদ্ধির চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে।

মুদ্রানীতিতে সুদহারের যে পরিবর্তন হয়েছে, তাতে শিল্প খাতে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন আতিউর রহমান।

প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন বলেন, ‘নতুন মুদ্রানীতি নিয়ে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা আমাদের বোধোদয় থেকে হয়েছে। প্রশ্ন থেকে যায় যে আইএমএফের শর্ত পূরণের জন্যই এগুলো করা হয়েছে কি না। তবে এটা ঠিক, এবার মুদ্রানীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছে। এখন কেন্দ্রীয় ব্যাংককে রাজনীতি পরিহার করে অর্থনীতিকে কীভাবে সামনে নিয়ে আসা যায়, সেটা খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুব আহমেদ, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম, আইসিএবির সভাপতি মো. মনিরুজ্জামান ও সাবেক সভাপতি জামালুদ্দিন আহমেদ এবং ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সিইও শুভাশীষ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির।