
ঋণসুবিধা দিতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি।
টয়োটা বাংলাদেশ লিমিটেড হলো টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক এবং টয়োটা টুসো জাপানের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ফাইন্যান্স ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ির গ্রাহকদের জন্য অটো লোন (গাড়ি ঋণ) সুবিধা দেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টয়োটা বাংলাদেশ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যাশনাল ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান ও টয়োটা বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং চুক্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকের মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স এবং টয়োটা বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন টয়োটা গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।