
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গ্রাহকদের স্বল্প সুদে ঋণসুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে ডাচ্বাংলা ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ্বাংলা ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিটির আওতায় গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃ অর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উৎসাহ দেওয়া হবে। একজন গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
অন্যদিকে আইসিটি খাত পুনঃ অর্থায়ন স্কিমে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।