
স্নাতক শিক্ষার্থীদের জন্য পেশাগত ফাইন্যান্স দক্ষতা উন্নয়নে চুক্তি করেছে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়।
গতকাল বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এসিসিএ বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান ও জ্যেষ্ঠ ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক শাহ ওয়ালিউল মানজুর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম ও সেকশন অফিসার নুসরাত ইসলাম এবং ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট টিমের ডিরেক্টর অব ট্রেড সাকিব এরশাদ ও ব্যবস্থাপক সৈয়দ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আন্তর্জাতিক মানের পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীদের সিএটি (সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান) শেষ করার পর সরাসরি এসিসিএ পর্যন্ত যাওয়ার একটি সুনির্দিষ্ট এবং সহজ পথ তৈরি হয়েছে, যা করপোরেট, এসএমই ও বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বেকারত্বের চাপ কমাতে সহায়তা করবে।