সিএমএসএমই খাতে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মধুমতি ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম এবং মধুমতি ব্যাংকের এমডি মো. সফিউল আজম, ডিএমডি আরব ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন
সিএমএসএমই খাতে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মধুমতি ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম এবং মধুমতি ব্যাংকের এমডি মো. সফিউল আজম, ডিএমডি আরব ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুনঃ অর্থায়ন চুক্তি সই মধুমতি ব্যাংকের

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিলের বিষয়ে একটি চুক্তি করেছে মধুমতি ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মধুমতি ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের অধীন এসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেবে। এই ঋণ দেশের সিএমএসএমই খাতের প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, সিএমএসএমই বিজনেস সাপোর্ট বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসির এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন।

মধুমতি ব্যাংক ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে বর্তমানে এই প্রতিষ্ঠানের ৫৬টি শাখা, ৬টি উপশাখা রয়েছে। ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ছিল ৯ হাজার ২৯২ কোটি টাকা।