
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ভার্চ্যুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান।
ব্যাংকের কোম্পানি সচিব মো. মোকাদ্দেস আলীর পরিচালনায় সভায় আরও যুক্ত হন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এ জেড এম শফিউদ্দিন, মোখলেসুর রহমান, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোহাম্মাদ নাওয়াজ, মোসা. নাসিমা বেগম, মো. শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মো. এমদাদুল হক। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান, মোহাম্মদ মকবুল হোসেন, জিয়াউর রহমানসহ ব্যাংকের শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী ও শেয়ারধারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব ব্যাংকিং খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পরিস্থিতির মধ্যেও এসবিএসি ব্যাংক ভালোভাবে এগিয়ে চলছে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠিত থাকায় সব আর্থিক সূচক ইতিবাচক ধারায় রয়েছে। একইসঙ্গে তিনি ব্যাংকের শেয়ারধারীদের লভ্যাংশ আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।