১৪তম বর্ষে এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এবং এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে
 ছবি: এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে সুশাসন জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড বাড়ানোর কথা জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘আস্থার আলো দেশজুড়ে’ শীর্ষক স্লোগানে গত বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের পদযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আবদুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের জোন ও শাখা-উপশাখার কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া জানান, ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং সেবার পরিধি ও সুনাম বাড়ানোই তাঁদের লক্ষ্য। ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বাড়িয়ে মুনাফা বৃদ্ধি এবং আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা হবে।