ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’–এ গত বছর রেকর্ড ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ক্ষেত্রে লেনদেন সংখ্যা ছিল ৮০ লাখ। ইন্টারনেটভিত্তিক এই প্ল্যাটফর্মে লেনদেন আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ এবং লেনদেনের সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে। ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বর্তমানে কর্পনেট সেবায় প্রায় ২ হাজার ৫০০ ব্যবসাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে। গত বছর ৯০০টির বেশি নতুন করপোরেট গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। প্ল্যাটফর্মটির সক্রিয় গ্রাহকের হার ৬৫ শতাংশ। কর্পনেট প্ল্যাটফর্মের গ্রাহকদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই তাদের প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে কর্পনেট ব্যবহার করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য কর্পনেট তৈরি করা হয়েছে। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে এই প্ল্যাটফর্মে লেনদেনের সুবিধা রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মে তাদের নগদ অবস্থান সম্পর্কে জানতে পারে। গত বছর মোট লেনদেন সংখ্যার প্রতি ১০০টির মধ্যে ৮৫টিই ডিজিটালি সম্পন্ন হয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে টেলিযোগাযোগ, ওষুধ, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্য প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন হাউস, হাসপাতাল, বেসরকারি সংস্থা, দূতাবাস, শিপিং লাইন ও এয়ারলাইন, বহুজাতিক কোম্পানি, প্রাতিষ্ঠানিক গ্রাহকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের লেনদেন করে।
এই প্ল্যাটফর্মের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করেছে আমাদের কর্পনেট সেবা। ভবিষ্যতে আমরা কর্পনেট ইকোসিস্টেম আরও বিস্তৃত করব, যা নতুন সেবা ও অ্যানালিটিকস সংযোজনের মাধ্যমে গ্রাহকের করপোরেট ব্যাংকিং আরও কার্যকর ও স্বচ্ছ করে তুলবে।’