
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দারাজ ও ডেইলি স্টার
সাম্প্রতিক বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে যৌথভাবে কাজ করছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের সামাজিক উদ্যোগ ‘দারাজ কেয়ারস’ এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ভয়াবহ ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, বিশেষ করে দারাজে তালিকাভুক্ত বিক্রেতাদের ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটো। যেসব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ডেইলি স্টারে।
৮ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চার দিনের এই উদ্যোগে দারাজ ফ্যাশন থেকে ক্রয়কৃত প্রতিটি পণ্যের একটি অংশ অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে যাবে ক্ষতিগ্রস্তদের কাছে। এ ছাড়াও দারাজ ডোনেটস, অনলাইন মাল্টি-চ্যারিটি ডোনেশন প্ল্যাটফর্মের মাধ্যমে যেকেউ বঙ্গবাজারে পুড়ে যাওয়া পণ্য অনলাইনে ন্যূনতম মূল্যে কেনার সুযোগ পাবেন। যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের জন্য দারাজ বিনা মূল্যে অন-বোর্ডিং সেবাও প্রদান করছে। এর ফলে কোনো কমিশন ছাড়াই প্রথম তিন মাসের জন্য প্ল্যাটফর্মে তাদের ব্যবসা পুনর্নির্মাণের সুযোগ পাবেন তারা। ইতিমধ্যে এসব ব্যবসায়ীকে শনাক্ত ও সহায়তা করার লক্ষ্যে দারাজ ব্র্যান্ড প্রোমোটারদের সঙ্গে অভিযাত্রিক ফাউন্ডেশনের ১০ জন স্বেচ্ছাসেবক মাঠপর্যায়ে কাজ করছেন।
এ ছাড়াও ব্যবসায়ীদের এই ভয়াবহ ক্ষতি কিছু অংশে কাটিয়ে উঠতে নগদ অর্থ দিয়ে পাশে থাকছে দারাজ বাংলাদেশ। এই প্রচেষ্টা তাদের গুরুত্বপূর্ণ সরবরাহের ব্যবস্থা করে দ্রুত পুনর্নির্মাণে কিছু অংশে সাহায্য করবে বলে আশা করছে ই-কমার্স প্রতিষ্ঠানটি।