নতুন প্রজন্মের জন্য চালু করা এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’–এর উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরীসহ আরও দুই কর্মকর্তা। সম্প্রতি ঢাকায় প্রাইম টাওয়ারে
নতুন প্রজন্মের জন্য চালু করা এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’–এর উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরীসহ আরও দুই কর্মকর্তা। সম্প্রতি ঢাকায় প্রাইম টাওয়ারে

প্রাইম ব্যাংক ও মাস্টারকার্ডের নতুন কার্ড ‘ট্যাপইন’

মাস্টারকার্ডের সহযোগিতায় প্রাইম ব্যাংক ‘ট্যাপইন’ নামে নতুন প্রজন্মের এনএফসি ডেবিট স্টিকার কার্ড চালু করেছে। গতিশীল নগরজীবনের গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করাই এ কার্ডের লক্ষ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ঢাকায় প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম নাজিম এ চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি একটি স্লিম, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান। এটি সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকেরা যেকোনো সময় ও স্থানে তাৎক্ষণিকভাবে ট্যাপ-অ্যান্ড-পে সুবিধা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডটিতে রয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন ও ডিজিটাল ফ্রড প্রতিরোধব্যবস্থা, যা প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এই কার্ডের গ্রাহকেরা দেশ-বিদেশের পিওএস টার্মিনাল, অনলাইন প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক গ্রহণযোগ্যতার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকেরা মাইপ্রাইম অ্যাপ ব্যবহার করে প্রাইম ব্যাংকের এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এ ছাড়া তাঁরা সারা দেশে ১০ হাজারের বেশি মাস্টারকার্ড পার্টনার মার্চেন্টে বছরজুড়ে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী বলেন, ‘আমরা “ট্যাপইন” চালুর মাধ্যমে আমাদের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বর্তমানে গ্রাহকেরা দ্রুত পরিবর্তনশীল জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেমেন্ট ব্যবস্থা প্রত্যাশা করেন। প্রাইম ব্যাংকের সঙ্গে “ট্যাপইন” চালুর মাধ্যমে আমরা একটি স্মার্ট ট্যাপ-অ্যান্ড-গো সমাধান নিয়ে এসেছি।’