নেসলে বাংলাদেশ–এর কারখানা পরিদর্শন করল সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ ই মি. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ১ জুন ২০২৬ গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশ পিএলসির একমাত্র কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই মি রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেসলে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরা হয়।

পরিদর্শনের সময় প্রতিনিধিদল নেসলের বিশ্বমানের উৎপাদন ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষত ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের উৎকর্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করে, যা আন্তর্জাতিক মান, খাদ্যনিরাপত্তা এবং উৎকর্ষের প্রতি নেসলের অঙ্গীকার-এর প্রতিফলন। প্রতিনিধিদল উল্লেখ করে যে শ্রীপুরের কারখানাটি একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নেসলে বাংলাদেশ-এর ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ উদ্যোগের মাধ্যমে পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি এবং তরুণদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে, যা বর্তমানে ২০,০০০-এর বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে। উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং বাংলাদেশে অব্যাহত বিনিয়োগ ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি উৎসাহিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।