এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ
এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ

এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো নতুন উড়োজাহাজ, তিন মাসে বহর দ্বিগুণ

মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের বহর দ্বিগুণ হয়েছে। বহরে তৃতীয় ও নতুন এটিআর ৭২–৬০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার পর সংস্থাটির মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৬।

গতকাল বুধবার নতুন উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এস২–এসটিএফ নিবন্ধনের এই উড়োজাহাজ সর্বাধুনিক প্র্যাট অ্যান্ড হুইটনি পিডব্লিউ১২৭এক্সটি ইঞ্জিনে চালিত। এতে ৭২টি আসন আছে। খবর বিজ্ঞপ্তি

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, এর আগে তাদের বহরে আরও দুটি নতুন এটিআর ৭২–৬০০ যুক্ত হয়েছে। নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ায় অভ্যন্তরীণ রুটে সংস্থাটির উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাত্রীদের আরও আরামদায়ক সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, তৃতীয় নতুন এটিআর ৭২–৬০০ যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ মাইলফলক। মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে বহর দ্বিগুণ করে ছয়টি উড়োজাহাজে উন্নীত করা হয়েছে। এ অর্জন এয়ার অ্যাস্ট্রার কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের আস্থার প্রতিফলন।

এয়ার অ্যাস্ট্রা আরও জানিয়েছে, অভ্যন্তরীণ পথ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বা উড়ান চালুর প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক পথে জন্য সংকীর্ণ পরিসরের উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রক্রিয়া চলছে। নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও পরিচালন প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য আছে সংস্থাটির।