
ভারত ও বাংলাদেশের স্থলবন্দরগুলোতে আধুনিক অবকাঠামো তৈরি এবং সেখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা সমন্বিত তল্লাশি ব্যবস্থা চালু করা ভারতের অন্যতম অগ্রাধিকারের বিষয়। স্থলবন্দরে সমন্বিত তল্লাশি ব্যবস্থার মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুই দেশের মানুষের ভ্রমণও স্বাচ্ছন্দ্যের হবে।
আজ মঙ্গলবার বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ভারত ও বাংলাদেশের ভেতরে বহুমাত্রিক সংযোগ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
বর্তমানে ভারত-বাংলাদেশের প্রায় ৪২-৪৫ শতাংশ দ্বিপক্ষীয় বাণিজ্য এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষের যাতায়াত ৩৬টি স্থলবন্দরের মাধ্যমে সম্পন্ন হচ্ছে বলে জানান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে স্থলবন্দরগুলোতে সমন্বিত তল্লাশি ব্যবস্থা প্রয়োজন। তাতে করে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, বেনাপোল-পেট্রাপোল সীমান্তে সমন্বিত তল্লাশি ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। তামাবিল সীমান্তের ডাউকিতে কিছুদিনের মধ্যেই আরেকটি সমন্বিত তল্লাশি ব্যবস্থা চালু হবে। এ ছাড়া ভারতীয় অংশে আরও ছয়টি কাস্টমস স্টেশনে আধুনিক সমন্বিত তল্লাশি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
প্রণয় ভার্মা আরও বলেন, ভারতের সঙ্গে ভৌগোলিক নৈকট্য বাংলাদেশের জন্য বড় সুবিধা। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যমান অর্থনৈতিক সুযোগসমূহের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে। এ জন্য বহুমাত্রিক (মাল্টিমোডাল) যোগাযোগব্যবস্থার উন্নয়নের কথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, ‘যেভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ভালো করছে, আমাদেরও সেভাবে ভালো করার সুযোগ রয়েছে।’
অবকাঠামোগত যোগাযোগব্যবস্থার পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও প্রযুক্তিগত (ডিজিটাল) যোগাযোগব্যবস্থাও এগিয়ে নেওয়ার ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার।
উন্নয়ন সমন্বয়ের সেমিনারে আরও উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) আহসান খান চৌধুরী, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শোয়েব চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।
সেমিনারে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারত ৬০০ বিলিয়ন (৬০ হাজার কোটি) ডলারের বেশি পণ্য আমদানি করে। সেখানে আমাদের হিস্যা মাত্র ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার। সুতরাং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে।’ তবে এ ক্ষেত্রে যথাযথ চেষ্টার অভাব রয়েছে বলে মনে করেন তিনি।
ভারত-বাংলাদেশের মধ্যকার সীমান্তপথে ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া এখনো মসৃণ হয়নি উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তগুলো মূলত কন্ট্রোল পয়েন্ট হিসেবে কাজ করছে, ক্রসিং পয়েন্ট হিসেবে নয়। দুই দেশের তুলনামূলক সুবিধাজনক অবস্থানকে প্রতিযোগিতামূলক অবস্থানে না নিতে পারলে বাণিজ্য সম্ভাবনা অর্জন করা সম্ভব হবে না।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আমরা পারস্পরিক বহুমাত্রিক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ করেছি। কিন্তু সেগুলো কার্যকর করার উদ্যোগ নিতে হবে। রপ্তানির জন্য কার্গো ও অন্যান্য সরবরাহ সুবিধা থাকলেই কেবল ট্রান্সপোর্ট করিডর অর্থনৈতিক করিডর হতে পারে। তাই আমাদের সরবরাহ খাতে সক্ষমতা বৃদ্ধিতে জোর দিতে হবে।’
মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি আতিউর রহমান জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও বাংলাদেশ একে–অপরের বৃহত্তম বাণিজ্য সহযোগী হলেও পরস্পরের সঙ্গে যতটা বাণিজ্য হওয়া সম্ভব, তা দেখা যাচ্ছে না। বাণিজ্য বৃদ্ধিতে পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ করা জরুরি। এ ক্ষেত্রে এককভাবে সড়ক, রেল বা জলপথে পণ্য পরিবহন না করে মিশ্র পদ্ধতিতে পণ্য পরিবহন করা গেলে তা বেশি সুফল দেবে।
আতিউর রহমান বলেন, যেখানে যে পথে পরিবহন সবচেয়ে সাশ্রয়ী, তা বিবেচনায় নেওয়া কাম্য। এতে শুধু অর্থ ও সময়ই সাশ্রয় হবে না, একই সঙ্গে পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করা যাবে। যোগাযোগ অবকাঠামো ও সরবরাহ খাতের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া গেলে বাংলাদেশের রপ্তানি ১৯ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে কৃষি খাতে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র হতে পারে বাংলাদেশ। এ প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ এই সুযোগ নিতে পারে।
একই সঙ্গে পণ্যের মান যাচাইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় আনা জরুরি বলে মন্তব্য করেন আহসান খান চৌধুরী। তিনি বলেন, এতে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ হবে। স্থলবন্দরে পণ্য পরিবহনে অনেক সময় অপচয় হয়ে উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, ‘দুই দেশের মধ্যে বহুমাত্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করছি। তবে এ ক্ষেত্রে পারস্পরিক তথ্য বিনিময় একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।’ বিষয়টি সমাধানের জন্য ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চান তিনি।