বঙ্গবাজারে চুরির আতঙ্ক, হাতেনাতে ধরা খেল সাইকেল চোর

বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট ও এর আশপাশে চুরির আতঙ্ক দেখা দিয়েছে। পাশের একটি মার্কেট থেকে কাপড়ের বস্তাসহ পোড়া লোহালক্কড়ও সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছে এক চোর। উপস্থিত জনতা সামান্য উত্তমমাধ্যমের পর সাইকেল চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

জানা গেছে, আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চুরির দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি যখন এনেক্সকো ভবনের সামনে থাকা একটি সাইকেলের তালা ভাঙছিলেন, সেই সময় উপস্থিত জনতা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ও জনতা উভয় মিলে তাঁকে তাড়া করে। একপর্যায়ে জনতার হাতে ধরা পড়েন তিনি।

ধরা পড়ার পর তাঁকে এনেক্সকো ভবনের সামনে থাকা পুলিশ বুথে আনা হলে তখন তিনি বলতে থাকেন, ‘আমি সুইপার আমাকে ছেড়ে দেন। আর কখনো এমন করব না।’

ওই ব্যক্তি যে সাইকেলটি চুরি করতে যাচ্ছিলেন, সেই সাইকেলের মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইয়াসিন মিয়ার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাইকেলে করে নিয়মিত যাতায়াত করি। এই এলাকায় এসেছিলাম মোবাইলের কিছু সরঞ্জাম কিনতে। সবাই সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা পেলাম।’

এ বিষয়ে শাহবাগ থাকার উপপরিদর্শক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘এই ছেলেটার নামে আগেও চুরির মামলা আছে। আজ আবার সে ধরা খেল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের পাশেই এনেক্সকো ভবন। তার সামনে বস্তার ওপরে বসে কাপড় পাহারা দিচ্ছিলেন ইমরান গার্মেন্টসের মালিক ইমরান হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এসব মালামাল পাশের গোডাউনে সরিয়ে রাখব বলে নামিয়েছি। কিন্তু এই দুর্যোগের মধ্যেও চোরের উৎপাত বেড়ে গেছে। এ জন্য বসে আছি। কয়েকজন ব্যবসায়ীর কাপড় চোরে নিয়ে যাওয়ার পরে আমরা সতর্ক অবস্থান নিয়েছি। পুলিশসহ উপস্থিত সকলের সহায়তা চাচ্ছি।’

এদিকে আজ সারা দিন বঙ্গবাজারে ঘুরে দেখা গেছে, যে সব ব্যবসায়ীর কিছু মালামাল বেঁচে গেছে, তাঁরা চুরির আতঙ্কে আছেন। বিশেষ করে থেমে থেমে আগুনে পুড়তে থাকা এনেক্সকো ভবনের ভেতর থেকে যেসব ব্যবসায়ী মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাঁদের আতঙ্ক বেশি।

অন্যদিকে পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গা থেকে পরিত্যক্ত লোহালক্কড় ও টিন যে যার মতো সরিয়ে নিচ্ছে। ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাপড়ের মধ্যে ভালো কাপড় কুড়িয়েও নিচ্ছেন অনেকে। বারবার বলেও তাঁদের সরাতে পারছিলেন না ব্যবসায়ীরা।  

বেলা দুইটার দিকে একদল ব্যবসায়ীকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে দেখা যায়। তাঁরা একটি কোম্পানির সঙ্গে কথা বলছিলেন পরিত্যক্ত লোহার সরঞ্জাম বিক্রি করার জন্য।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজির হোসেন প্রথম আলোকে বলেন, এগুলো যে যার মতো নিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো যদি পাঁচ লাখ টাকায়ও বিক্রি হয়, তাহলেও আমরা এক হাজার টাকা ভাগে পাব।

বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের শিক্ষা ভবনের দিকের ফটকে দেখা গেছে বঙ্গবাজারে পোড়া একটি দোকানের পরিত্যক্ত শাটার। সেখানে দুজন দাঁড়িয়ে ছিলেন। নাম না প্রকাশ করার শর্তে তাঁরা বলেন, আমাদের পরিচিত একজন ২০০ টাকা দিয়ে এটা কিনেছেন। তিনি ভ্যানের খোঁজে গেছেন।