অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট থেকে স্থানীয়ভাবে কী প্রত্যাশা করা হচ্ছে, তা জানতে ঢাকার বাইরের ব্যবসায়ী নেতাদের অভিমত প্রকাশ করছে প্রথম আলো। মোস্তফা সোহরাব চৌধুরী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। প্রথম আলোর কাছে জানিয়েছেন আগামী বাজেটে তাঁর প্রত্যাশার কথা।

রংপুর অঞ্চলের অর্থনীতিকে চাঙা করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের দিক দিয়ে রংপুর অনেক পিছিয়ে। হাতে গোনা দু–চারটি ক্ষুদ্র শিল্প ছাড়া শিল্পায়ন বলতে রংপুরে কিছুই নেই। আলু সংরক্ষণাগার, ব্রেড-বিস্কুট, ফিলিং স্টেশন ও মিষ্টির কারখানাকে কি শিল্পায়ন বলা চলে?
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া যেভাবে এগিয়ে গেছে, ঠিক সেভাবে এগিয়ে যেতে পারছে না রংপুর বিভাগ। এই অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আলাদা শিল্পনীতি, ঋণনীতি, ট্যাক্স হলিডের মেয়াদ বৃদ্ধি, কর ও ভ্যাটনীতি প্রণয়ন একান্ত জরুরি।
একই সঙ্গে রংপুরে সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যাংকের সঙ্গে লেনদেন থাকলেও অনেকের তা নেই। রংপুরের নারী উদ্যোক্তাদের ব্যাংক লেনদেন একেবারে নেই বললেই চলে। তাই এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা খুবই জরুরি। সার্বিকভাবে অনুন্নত রংপুর অঞ্চলের অর্থনীতিকে জোরদার করতে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।
যোগাযোগব্যবস্থার উন্নয়নে ঢাকা-রংপুর মহাসড়কটি ছয় লেনে সম্প্রসারণের কাজ এখন চলছে। সেই সঙ্গে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস পাইপলাইন নির্মাণকাজ শেষ হলে রংপুর অঞ্চলে শিল্পবিপ্লব ঘটবে বলে আমরা আশা করছি। তাই এ অঞ্চলের শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতে বাজেটে সুস্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন বলে মনে করি।
শিক্ষা খাতের বাজেট বরাদ্দেও রংপুর পিছিয়ে। তাই শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বাজেটে বরাদ্দ রাখতে হবে। একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগের চিকিৎসায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে জরুরি চিকিৎসার জন্য অবকাঠামোও গড়ে তুলতে হবে।
অনুলিখন: আরিফুল হক, রংপুর