আজ সোমবার আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে জিডিপির হিসাব সংক্রান্ত সেমিনারে উপস্থিত অতিথিরা
আজ সোমবার আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে জিডিপির হিসাব সংক্রান্ত সেমিনারে উপস্থিত অতিথিরা

আগামী অর্থবছরে বদলে যাবে জিডিপির হিসাবের ভিত্তি বছর

আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য ভিত্তি বছর পরিবর্তন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হবে। ফলে জিডিপির আকার আরও বড় হতে পারে।

আজ সোমবার আগারগাঁওয়ের জাতীয় পরিসংখ্যান ভবনে জিডিপির হিসাবসংক্রান্ত এক সেমিনারে এমন তথ্য উঠে আসে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সেমিনারে জিডিপি হিসাবসংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের উপপরিচালক তোফায়েল আহমদ। তিনি বলেন, ১০ বছর পরপর ভিত্তি বছর পরিবর্তন করা হয়। সেটার অংশ হিসেবে আগামী অর্থবছরের আবারও পরিবর্তন আসছে।

জিডিপির ভিত্তি বছর বদলানোর সময় অর্থনীতিতে অবদান রাখছে, এমন নতুন নতুন খাত যুক্ত হয়। আবার যেসব খাত একসময় অবদান রাখত, এখন আর অবদান নেই বললেই চলে। সেসব খাত বাদ দেওয়া হয়।

জমি নাকি ফলগাছ, কোনটি জিডিপির হিসাবে আসে

জিডিপির হিসাব নিয়ে কথা বলতে গিয়ে বিবিএসের উপপরিচালক তোফায়েল আহমদ বলেন, জমি কেনাকে বড় বিনিয়োগ মনে করা হলেও জিডিপির হিসেবে বিষয়টি বিনিয়োগ হিসেবে গণ্য হয় না। বরং একটি ফল গাছ লাগালে সেটি বিনিয়োগ হিসেবে গণনা করা হয়। কারণ, গাছটি থেকে বছরের পর বছর ফল পাওয়া যায়। কিন্তু জমি কেনার মাধ্যমে শুধু মালিকানা বদল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘তথ্য-উপাত্ত হতে হবে নির্ভরযোগ্য। কোনো গালগল্প চলবে না। বর্তমান সরকার নির্দেশ দিয়ে কোনো তথ্য-উপাত্ত তৈরি করতে চায় না। যথার্থ তথ্য ও উপাত্তের ওপর দেশের বিকাশমান অর্থনীতিকে দাঁড়াতে হবে। তাই আমরা চাই বিবিএস প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হোক।’

বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক বলেন, ‘আমাদের কাজের পদ্ধতি জানানোর জন্যই আজকের সেমিনার আয়োজন করা হয়েছে।’