অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো মাশুল লাগবে না। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে সম্পন্ন হবে।
আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
মন্ত্রীর মতে, এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না এবং লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ, যা ইতিমধ্যে প্রমাণিত ও সফল। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।