বিবিএসের হালনাগাদ তথ্য

এপ্রিলে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯.২৪ শতাংশ

মার্চের তুলনায় এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের মতোই রয়েছে। গ্রামের তুলনায় শহরে মূল্যস্ফীতির চাপ বেশি।

ছবি: ইউএনবি

দেশে গত মাসে মূল্যস্ফীতির হার মার্চের তুলনায় সামান্য কমেছে। এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশে।

এর আগের মাসে অর্থাৎ মার্চে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। গতকাল বুধবার মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাবে, এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিই ছিল সবচেয়ে বেশি—৯ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। মার্চের তুলনায় এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের মতোই রয়েছে। গত মাসে দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। তাতে পোশাক–আশাকসহ খাদ্যবহির্ভূত পণ্যের চাহিদা ছিল বেশি।

‘মূল্যস্ফীতি এপ্রিলে সামান্য কমলেও এখনো আমরা উচ্চ মূল্যস্ফীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছি। ফলে সাধারণ মানুষকে মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবিলা করতেই হচ্ছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই মূলত গত মাসে সার্বিক মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় খানিকটা কমেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। এই হার গত মাসে ৯ শতাংশের নিচে নেমে এসেছে। তবে মূল্যস্ফীতির এ হারকে ‘উচ্চ মূল্যস্ফীতি’ হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদ ও গবেষকেরা। তাঁরা বলছেন, মূল্যস্ফীতিজনিত মানুষের যে টানাপোড়েন, তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। কারণ, আমদানিনির্ভর পণ্যের উচ্চমূল্য, ডলারের বাড়তি দাম এবং শিল্প খাতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া। এসব সমস্যা যত দিন থাকবে, তত দিন উচ্চ মূল্যস্ফীতিজনিত চাপে থাকবেন দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সাধারণ মানুষ।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘মূল্যস্ফীতি এপ্রিলে সামান্য কমলেও এখনো আমরা উচ্চ মূল্যস্ফীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছি। ফলে সাধারণ মানুষকে মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবিলা করতেই হচ্ছে। এতে অনেককে খাদ্যতালিকায় কাটছাঁট করতে হচ্ছে। বোরো মৌসুম ধান উঠতে শুরু করেছে, তাতে হয়তো সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি আরও কিছুটা কমতে পারে। কিন্তু তা যদি ৮ বা ৯ শতাংশের ওপরে থাকে, তাহলে এর সুফল সাধারণ মানুষ খুব বেশি পাবে না।’

বিবিএসের হিসাব বলছে, মূল্যস্ফীতির চাপ এখন গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলেই বেশি। গত মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। আর গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯২ শতাংশ।

শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ কিছুটা কম থাকার কারণ হিসেবে গোলাম মোয়াজ্জেম বলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল থাকায় এবং বোরো ধান কাটা শুরু হওয়ায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

এখন পর্যন্ত চলতি ২০২২–২৩ অর্থবছরের ১০ মাসের (জুলাই–এপ্রিল) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস। এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত এপ্রিলে। চলতি অর্থবছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত আগস্টে—৯ দশমিক ৫২ শতাংশ। আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মার্চে—৯ দশমিক ৩৩ শতাংশ।

মূল্যস্ফীতির হিসাবের পাশাপাশি জাতীয় মজুরি বৃদ্ধির তথ্যও প্রকাশ করেছে। সর্বশেষ গত এপ্রিলে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ গত বছরের এপ্রিলে যদি কারও আয় ১০০ টাকা থাকে, তাহলে গত এপ্রিলে তা বেড়ে হয়েছে ১০৭ টাকা ২৩ পয়সা।

কিন্তু দেখা যাচ্ছে, মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। ফলে বাড়তি মজুরি খেয়ে ফেলছে বাড়তি মূল্যস্ফীতি। ফলে দেখা যাচ্ছে, মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। সাধারণভাবে আয়ের তুলনায় খরচ যখন বেশি বাড়ে, তখন আসলে মানুষের প্রকৃত আয় কমে যায়। বাংলাদেশে এখন ঠিক তা-ই ঘটছে। দেশের ৮০ শতাংশের বেশি কর্মসংস্থান হয় অনানুষ্ঠানিক খাতে। এসব খাতের প্রায় শতভাগই মজুরিভিত্তিক কর্মসংস্থান।