মসলার বাজারে অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে সোমবার থেকে মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে কোরবানির ঈদের আগেই আদা, পেঁয়াজসহ মসলার বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ রোববার মসলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বাজারে এখন যে অবস্থা, তাতে অভিযানের বিকল্প নেই। সোমবার থেকে সারা দেশে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে থাকবেন। আমরা এক সপ্তাহ দেখব। তারপর বাজার পরিস্থিতির বিবেচনা নিয়ে সরকারের উচ্চ মহলে প্রতিবেদন দেব।’

মতবিনিময় সভার বিষয়ে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আলোচনার পর বোঝা গেল, বাজারে মসলার দাম কেন বেড়েছে, তা কেউ জানেন না। অথচ ঠিকই কোরবানির ঈদের আগে দাম বেড়ে গেল। তাই আমরা তো বসে থাকতে পারি না।’

রমজান মাসের সময়ও অসাধু কিছু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছেন উল্লেখ করে মনজুর মোহাম্মদ শাহরিয়ার আরও বলেন, এবার তেমন কোনো পরিস্থিতি হলে দোকান এক দিনের জন্য হলেও বন্ধ করে দেওয়া হবে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল মসলার বাজারে অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা কমিশনে পণ্য বিক্রি করেন। কিন্তু এসব পণ্য কোথা থেকে আসে, কত দামে আসে, তার কোনো রসিদ তাঁরা রাখেন না। শ্যামবাজার থেকে সর্বনিম্ন যে দামে আদা বিক্রি হচ্ছে, খুচরায় আসার পর বিক্রেতারা কেজিপ্রতি ১০০ টাকার বেশি লাভ করছেন বলে জানান তিনি।  

সভায় শ্যামবাজারের মসলাজাতীয় পণ্যের আমদানিকারক আবদুল মাজেদ বলেন, পাইকারি বাজার থেকে আদার সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। তবে পাইকারিতে দাম একটু বেড়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অনলাইনে যুক্ত হয়ে খাতুনগঞ্জের মসলার বাজার সম্পর্কে বলেন, বাজারে চীন থেকে আমদানি করা আদা নেই। বাজারে এখন যে আদা পাওয়া যাচ্ছে, তা মিয়ানমার ও ভারতের। এসব আদা পাইকারিতে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরায় গিয়ে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৮০ টাকায়।

সভায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, শ্যামবাজার, কারওয়ান বাজার, মিরপুরের শাহ আলী মার্কেটসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাড়া-মহল্লার দোকানে পর্যাপ্ত শৃঙ্খলা নেই, যা সামগ্রিকভাবে মসলার বাজারে প্রভাব ফেলছে। এ ছাড়া বন্দরে মসলা খালাসের ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগে, যা মসলার মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাজারে আদা-পেঁয়াজসহ বেশ কয়েক পদের মসলার দাম বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা অনুযায়ী, রোববার ঢাকার বাজারে আমদানি করা আদা বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এক মাসে যার দাম বেড়েছে ৩৫ শতাংশ। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। এক মাসে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৩৮ শতাংশ।

টিসিবির হিসাবে বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৬০ টাকা। এক মাসের ব্যবধানে জিরার দাম বেড়েছে ২২ শতাংশ। গত এক মাসে এলাচি ও লবঙ্গের দাম বেড়েছে যথাক্রমে ১০ ও ৭ শতাংশ।