জাতীয় পর্যায়ে এ বছর ভ্যাট সম্মাননা পেয়েছে দেশের ৯টি প্রতিষ্ঠান। তিন শ্রেণিতে এসব প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা হিসেবে সম্মাননা পেয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতার সম্মাননা পাওয়া ৯ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননার সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
