বর্তমানে ৮০ শতাংশ ভাতা জিটুপি পদ্ধতিতে উপকারভোগীরা পান। আগামী অর্থবছর থেকে শতভাগ ভাতা সরাসরি দেওয়া হবে।

সামাজিক সুরক্ষা কার্যক্রমের ২৫টি নগদ সহায়তা কর্মসূচি মধ্যে ২২টির অর্থ সরকার থেকে ব্যক্তি (জিটুপি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বর্তমানে ৮০ শতাংশ অর্থ জিটুপি পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে শতভাগ নগদ সহায়তা জিটুপি পদ্ধতিতে দেওয়া হবে।
অর্থমন্ত্রী গতকাল জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এসব কথা বলেন। এবার ভাতা ও ভাতাভোগীর সংখ্যা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, গত দুই বছরে ৫ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪০৯ উপকারভোগীর কাছে ৩০ হাজার ৫৫২ কোটি ৪৫ লাখ টাকা জিটুপি পদ্ধতিতে দেওয়া হয়েছে। আগামী অর্থবছর থেকে পুরো সহায়তা উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মুঠোফোনে আর্থিক সেবাদাতা অর্থাৎ নগদ, বিকাশ ও রকেট ইত্যাদি মাধ্যমে পাঠানো হবে।
আগামী অর্থবছরে বয়স্ক দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীত, প্রতিবন্ধী ছাত্রছাত্রী এবং অতিদরিদ্র—এই চার শ্রেণির ভাতা কিছুটা বাড়ছে। কারও ৫০ টাকা, কারও ১০০ টাকা, কারও ১৫০ টাকা এবং কারও ২০০ টাকা করে ভাতা বাড়ছে। ভাতার পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও কিছুটা বাড়ছে।
আগামী ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রম খাতে মোট ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত এই বরাদ্দ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও মোট কর্মসূচি থাকছে ১১৫টি।
২০১৬-১৭ অর্থবছর থেকেই বয়স্ক ভাতা ৫০০ টাকা করে ছিল। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এবার ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে।
বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করা হচ্ছে। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার প্রাথমিক স্তরে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা ও উচ্চমাধ্যমিক স্তরে ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ভাতা এখন সমান অর্থাৎ ৯৫০ টাকা হচ্ছে।
এ ছাড়া অতিদরিদ্রদের কর্মসংস্থান কার্যক্রমে উপকারভোগীদের দৈনিক ভাতার হার দ্বিগুণ বাড়িয়ে ৪০০ টাকা করা হচ্ছে।
চলতি অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ছিল ৫৭ লাখ ১ হাজার। ১ লাখ বাড়িয়ে তা ৫৮ লাখ ১ হাজার করা হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতাভোগীর সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার থেকে ১ লাখ বাড়িয়ে ২৫ লাখ ৭৫ জন করা হচ্ছে।
একইভাবে দরিদ্র প্রতিবন্ধী ভাতাভোগী ২৩ লাখ ৬৫ হাজার থেকে ৫ লাখ ৩৫ হাজার বাড়িয়ে ২৯ লাখ করা হচ্ছে। হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা ৪ হাজার ৮১৫ জন থেকে বাড়িয়ে ৬ হাজার ৮৮০ করা হচ্ছে। এ ছাড়া বিশেষ ভাতাভোগী ২ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ৫ হাজার ৬২০ করা হচ্ছে।
অনগ্রসর জনগোষ্ঠী থেকে উপকারভোগী ৬৯ হাজার ৫৭৩ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০৩ জন করা হচ্ছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৫৪ হাজার থেকে বাড়িয়ে ১৩ লাখ ৪ হাজার করা হচ্ছে।