ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইস্টার্ন রিফাইনারি হচ্ছে একমাত্র রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি তেল শোধনাগার।
সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) কাছ থেকে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তেল আমদানি করবে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) সৌদি আরবের সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে ক্রুড অয়েল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ আমদানির অর্থায়নের উৎস হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের কথা বলা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বিপিসি জিটুজি চুক্তির আওতায় দীর্ঘদিন ধরে সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে আসছে। ইস্টার্ন রিফাইনারির পুরোনো প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ ও ‘মারবান ক্রুড অয়েল’ (এডনক) প্রক্রিয়াজাত করা তুলনামূলকভাবে বেশি উপযোগী ও আর্থিকভাবে লাভজনক। এ ছাড়া চাহিদা অনুযায়ী অন্য কোনো দেশ বা সরবরাহকারীর কাছ থেকে এসব ক্রুড অয়েল পাওয়ার নিশ্চয়তা নেই। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্রুড অয়েল আমদানির প্রস্তাব করা হয়।
এ ছাড়া আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে।
এদিকে মরক্কো থেকে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ঐচ্ছিক পঞ্চম লটে এ সার আমদানি করা হবে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে। এর ব্যয় পরিশোধ করা হবে কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ বাজেট থেকে।