আগামী অর্থবছরে বাজেটের আকার হবে ৭ লাখ ৫৯ হাজার কোটি টাকা। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৭.৫ শতাংশ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৫৯ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের কাজ চলছে। গত মার্চ মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ থাকলেও নতুন অর্থবছরে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে।
আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি থাকতে পারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। তবে বাজেট চূড়ান্ত করার সময়ে ঘাটতি একটু বাড়িয়ে ৫ দশমিক ৩ শতাংশ ও প্রবৃদ্ধির হার কিঞ্চিৎ কমিয়ে ৭ দশমিক ৩ শতাংশ করা হতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।
গতকাল বুধবার জুম প্ল্যাটফর্মে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণসহ আগামী অর্থবছরের বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে অর্থনীতির বিভিন্ন খাতের অগ্রগতিসহ চলতি ২০২২-২৩ অর্থবছরের সামষ্টিক অর্থনৈতিক কাঠামো পর্যালোচনা করা হয়। সাধারণত এ বৈঠকেই পরের অর্থবছরের বাজেটের পরিসংখ্যান মোটামুটি ঠিক করা হয়। গতকালও তা-ই হয়েছে। এতে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, এতে অর্থমন্ত্রী বলেছেন, ‘অন্য সব দেশের তুলনায় আমাদের প্রবৃদ্ধির সম্ভাবনা ভালো। বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। তবে এটা আমরা ঠিকই মোকাবিলা করতে পারব।’
মার্চসহ গত কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিলে চলতি অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাসেও একই ধরনের প্রবণতা থাকবে বলে ধরে নেওয়া যায়। তাহলে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি কীভাবে ৬ শতাংশে নামবে—বৈঠকে এমন প্রশ্ন ওঠে বলে সূত্র জানায়। এর জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আগামী মুদ্রানীতিটি করা হবে সংকোচনমূলক। মুদ্রানীতি সংকোচনমূলক হলে মুদ্রা সরবরাহ কম থাকে এবং মানুষের হাতে টাকা কম থাকে। মূল্যস্ফীতি কমানোর এটা একটা কৌশল। তা ছাড়া ব্যাংকঋণের সুদের হারও কিছু বাড়ানো হবে। এটা আরেকটা কৌশল।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি প্রথম আলোকে বলেন, সামষ্টিক অর্থনীতিতে একধরনের টানাপোড়েন চলছে। মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী। এমন কোনো পদক্ষেপের কথা শোনা যাচ্ছে না, যাতে মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসতে পারে। এ লক্ষ্যমাত্রা অবাস্তবোচিত।
মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গভর্নরের দুই কৌশলের কথা শুনে মুস্তফা কে মুজেরি বলেন, ‘আমাদের দেশে মূল্যস্ফীতির যে বৈশিষ্ট্য, মুদ্রা সরবরাহ হ্রাস ও সুদের হার বৃদ্ধির মাধ্যমে তা নিয়ন্ত্রণে আসা নিয়ে দ্বিমত থাকার কারণ আছে। সরবরাহ সমস্যা এবং বৈশ্বিক কারণও এখানে মুখ্য ভূমিকা পালন করে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের প্রকৃত হিসাব দেখানো নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। গভর্নর এটি করবেন এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চলতি হিসাবের ঘাটতি পূরণে ইতিবাচক পরিবর্তন আনবেন বলে আশ্বাস দেন।
চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ৮২ হাজার ৭৪৫ কোটি টাকা। আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদনের সঙ্গে আগামী বাজেটে ভর্তুকি কমিয়ে আনার শর্ত দিয়ে রেখেছে। অবশ্য আইএমএফের শর্ত দেওয়ার আগেই জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তার পরও চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকি বাড়বে অন্তত ১০ হাজার কোটি টাকা। আর আগামী অর্থবছরের বাজেটে তা আরও বাড়িয়ে বরাদ্দ করা হচ্ছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
সূত্রগুলো জানায়, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে এসব খাতে নতুন করে ভর্তুকি বাড়বে না। তবে পুরোনোগুলোর জন্য ভর্তুকি থাকবে এবং মোটা অঙ্কেই তা বাড়বে। এ ছাড়া আগামী অর্থবছরে খাদ্য ভর্তুকি বাড়বে এক হাজার কোটি টাকার মতো।
চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, তা আগামী অর্থবছরে বাড়িয়ে ৫ লাখ কোটি টাকা করা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সংগ্রহ করতে হবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।
ডলার–সংকটে আমদানি কম হওয়ায় চলতি অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর আদায় কম হবে। ফলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়ে উঠবে। এমন বাস্তবতা মাথায় নিয়েও আগামী অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধির চ্যালেঞ্জ নিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সূত্র জানায়, এনবিআর চেয়ারম্যান বলেছেন, চলতি অর্থবছরে কম আদায় হলেও পরের অর্থবছরে তিনি ঠিকই পারবেন।
যুক্তি হিসেবে এনবিআর চেয়ারম্যান বলেছেন, রাজস্ব আদায়ের গতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ কিছু জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক ফিশক্যাল ডিভাইস (ইএফডি) কেনা হয়েছে এবং আরও কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার খুব বেশি বাড়ছে না। আগামী অর্থবছরের জন্য এডিপি নেওয়া হচ্ছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।
এডিপি বাস্তবায়নে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বিদেশি ঋণ পাওয়ার সম্ভাবনা কম বলেও বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে চলতি অর্থবছরে স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণের অবদান উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে বৈঠকে প্রশ্ন উঠেছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা খাতে আগামী অর্থবছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওর থেকে ২০ শতাংশ ফসল আসে। বন্যার আগেই এসব ফসল ঘরে তোলার ব্যবস্থা নিতে হবে। তবে বাজেট ঘাটতি একটা স্বস্তিদায়ক সীমার মধ্যে থাকছে বলে তিনি খুশি।