অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি মূল্যায়নে মন্ত্রিসভা কমিটি গঠন, অর্থমন্ত্রী সভাপতি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সার্বিক মূল্যায়ন করবে।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সদস্যসংখ্যা ১৪। অর্থমন্ত্রীর কমিটির সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি তিন মাসে একবার বৈঠক করবে। প্রতিবছর মার্চ মাসে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ১৮টি কর্মসূচির কার্যক্রম মূল্যায়ন করবে এবং পরবর্তী বছরের বাজেট নির্ধারণ করবে।

তালিকায় থাকা কর্মসূচিগুলো হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি; বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম; প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির কার্যক্রম; অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম; ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম; বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা কার্যক্রম; জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রম; মা ও শিশু সহায়তা কর্মসূচি; ভালনারেবল উইমেন বেনিফিট; অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান; খাদ্যবান্ধব কর্মসূচি; ভিজিএফ কর্মসূচি; কৃষক কার্ড কার্যক্রম; মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রম; রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম; খাল খনন কর্মসূচি; বৃক্ষরোপণ কর্মসূচি।

কমিটির সদস্যদের মধ্যে অন্যতম হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী; সমাজকল্যাণমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী।