খাদ্যনিরাপত্তায় ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এর পরিমাণ ৩ হাজার ৭০০ কোটি টাকা।
আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
চুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি অর্থ বিভাগ বাস্তবায়ন করবে। এ কাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমন্বয় করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির উদ্দেশ্য হলো রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য প্রয়োজনীয় সার সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্যনিরাপত্তায় অবদান রাখা। ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময় রয়েছে।
বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতের অগ্রগতিসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংকের অর্থায়ন রয়েছে।