
সরকারের বিভিন্ন সংস্থা ২০১৭–১৮ থেকে ২০২১–২২ পর্যন্ত পাঁচ অর্থবছরে মোট ১২১টি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলা দায়ের করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো (দুদক; সিআইডি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন; কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর; জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রার ইন্টেলিজেন্স সেল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) অনুসন্ধান, তদন্ত কার্যক্রমসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়।
গত ৫ অর্থবছরে বিএফআইইউর গৃহীত ২৪ হাজার ৯৭৭টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদনের বিভিন্ন নির্দেশক ও পদ্ধতি ব্যবহার করে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নের সংশ্লিষ্টতা বিবেচনায় ১ হাজার ২টি গোয়েন্দা প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থায় পাঠানো হয়।
সরকারি দলের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৬ জুন পর্যন্ত দেশে ব্যক্তি পর্যায়ে করদাতা রয়েছেন ৮৯ লাখ ৩৬ হাজার ৫৩৬ জন।
সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২২-২৩ করবর্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশের ৫৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দেননি।
জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, তফসিলি ব্যাংকের মূলঋণ (আসল) মওকুফ করার কোনো সুযোগ নেই। দেশে তফসিলভুক্ত ছয়টি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক (অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক পিএলসি) এবং তিনটি বিশেষায়িত ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) রয়েছে।
ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ২০২২ সালে ৪ হাজার ৬২১ গ্রাহকের অনুকূলে ৮ হাজার ৪০৪ কোটি ৫২ লাখ টাকার সুদ মওকুফ প্রস্তাব অনুমোদন করেছে। ২০২২ সালে এসব ব্যাংকের ১ হাজার ৬২০ কোটি ৮৩ কোটি টাকার সুদ মওকুফ–সুবিধা কার্যকর হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সুদ মওকুফ–সংক্রান্ত সুবিধার সঙ্গে কোনো ব্যাংকের দেউলিয়া হওয়ার কোনো সম্পর্ক নেই।