অর্থমন্ত্রীর আশাবাদ

নতুন অর্থবছরে সর্বজনীন পেনশন 

সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য পেনশন কর্তৃপক্ষ গঠন ও পেনশন বিধিমালা প্রণয়ন জরুরি। শিগগিরই তা হবে বলে অর্থমন্ত্রীর আশা প্রকাশ।

সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর সুনির্দিষ্ট ঘোষণা এল শেষ পর্যন্ত। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছর থেকেই এ কর্মসূচি চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেছেন, এ কর্মসূচিতে প্রবাসীরাও যুক্ত হতে পারবেন।

বাজেট বক্তব্যে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কাজটি ইতিমধ্যে অনেকটাই এগিয়ে এনেছেন তিনি। এটা প্রস্তাবিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সী একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দিয়ে আজীবন পেনশন–সুবিধা ভোগ করতে পারবেন।

পেনশনে থাকাকালে ৭৫ বছরের আগে কেউ মারা গেলে তাঁর নমিনি (মনোনীত ব্যক্তি) বাকি সময়ের জন্য পেনশন পাবেন৷ এ ছাড়া চাঁদা দেওয়ার ১০ বছরের মধ্যে কেউ মারা গেলে জমা হওয়া টাকা মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে।

চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমা হওয়া অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ হিসেবে নেওয়া যাবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে।

অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন–ব্যবস্থার প্রবর্তন প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। শিগগিরই একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এক মাস পর অর্থাৎ অর্থবছরের (২০২৩–২৪) শুরুর দিন ১ জুলাই থেকেই সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালু করার পুরোপুরি প্রস্তুতি এখনো সরকারের নেই। কারণ, কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যসহ ১৬ সদস্যের যে পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার কথা, তা হয়নি। তহবিল, কর্মসূচি ইত্যাদির জন্য যে বিধিমালা তৈরি হওয়া দরকার, তা–ও হয়নি এখনো।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, অর্থমন্ত্রী বলেছেন যে সর্বজনীন পেনশন আগামী অর্থবছরে চালু করা সম্ভব হবে। তিনি বলেননি যে ১ জুলাই থেকেই তা চালু হবে। অর্থবছর শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। ধরে নেওয়া যেতে পারে, অর্থবছর থাকতে থাকতেই এটি চালু হবে। চালু হলেও তা হবে পরীক্ষামূলকভাবে। বক্তব্যে অর্থমন্ত্রী বিষয়টি খোলাসা করে বলেননি।  

পেনশন–ব্যবস্থা চালুর পটভূমি

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনের আগে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালু করার ব্যাপারে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করা হয়েছিল, সেটারই বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী অর্থবছরে।

প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালুর জন্য ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তব্যে একটি রূপরেখা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গত বছরের ফেব্রুয়ারিতে ‘সর্বজনীন পেনশন–ব্যবস্থা’ চালুর বিষয়ে একটি কৌশলপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে অর্থ বিভাগ। 

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, প্রবাসী, বেসরকারি চাকরিজীবী, শ্রমিক শ্রেণি, অপ্রাতিষ্ঠানিক ব্যক্তি, সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনগোষ্ঠী ও শিক্ষার্থী—তাঁদের জন্য আলাদা ছয় ধরনের কর্মসূচি করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজটি অনেক জটিল। ২০২৮ সালের আগে সর্বজনীন পেনশন বাধ্যতামূলকভাবে শুরু করা সম্ভব হবে না। তার আগপর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঐচ্ছিক হিসেবে থাকবে।

ইতিমধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাস হয়েছে। মাঝখানে পেনশন কর্তৃপক্ষ গঠনেরও প্রজ্ঞাপন জারি হয়। আইনে বলা আছে, সর্বজনীন পেনশনে ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরাও বিশেষ বিবেচনায় সুযোগ পাবেন। তবে আপাতত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা সর্বজনীন পেনশন–ব্যবস্থার আওতাবহির্ভূত থাকবেন।

অন্য দেশের চিত্র

সর্বজনীন পেনশন–ব্যবস্থা চালুর কৌশলপত্রের তথ্য অনুযায়ী, প্রতিবেশী ভারতে ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় পেনশন–ব্যবস্থা (এনপিএস) চালু করা হয়। শুরুতে সামরিক বিভাগ ছাড়া শুধু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য চালু করা হয় এটি। গ্রাহক ও নিয়োগকর্তা বা সরকার নির্দিষ্ট পরিমাণে চাঁদা দেয় এনপিএসে, যা পরে লাভজনক খাতে বিনিয়োগ করা হয়।

২০১১ সালের ডিসেম্বরে সরকারের পাশাপাশি বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদেরও পেনশন–সুবিধায় অংশগ্রহণের ব্যবস্থা রাখে ভারত। দেশটিতে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের জন্য সামাজিক পেনশন–ব্যবস্থাও চালু রয়েছে।

এ ছাড়া চীনে তিন ধরনের পেনশন–ব্যবস্থা চালু রয়েছে। শহরে কর্মরত ব্যক্তিদের জন্য আরবান পেনশন সিস্টেম (ইউপিএস), সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য সিভিল ও পাবলিক সার্ভিস পেনশন সিস্টেম (সিপিএসপিএস) এবং গ্রামে বেসরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের জন্য রুরাল পেনশন সিস্টেম (আরপিএস) চালু রয়েছে চীনে। 

এ ছাড়া যুক্তরাজ্যে রাষ্ট্রীয়, পেশাগত, ব্যক্তিগত ও আনফান্ডেড (চাঁদা দিতে হয় না)—এই চার ধরনের পেনশন–ব্যবস্থা চালু রয়েছে। আর যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা, চাকরিভিত্তিক, আনফান্ডেড ও ব্যক্তিগত পেনশন পদ্ধতি।

কৌশলপত্রে আরও বলা হয়, উন্নত দেশ হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাজেট থেকে সবাইকে পেনশন দেওয়া হয়। ফিলিপাইন, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে অংশগ্রহণমূলক পেনশন পদ্ধতি শুরু করেছে।