জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান

প্রাক্‌–বাজেট আলোচনা

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান

স্কুলের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিবহন খাতের সাতটি সংগঠনের সঙ্গে প্রাক্‌–বাজেট আলোচনায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান। আবদুর রহমান খান বলেন, ‘এবার গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আমরা চাই, রাস্তায় নতুন গাড়ি আসুক।’

গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) পক্ষ থেকে বলা হয়, গাড়ির নিবন্ধন কমে যাচ্ছে। তাই সম্পূরক শুল্ক কমানোর দাবি জানানো হয়।

সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তেল পরিবহনের ট্যাংকলরি আমদানিতে শুল্ক প্রত্যাহারের আবেদন জানানো হয়। জনস্বার্থে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোটরসাইকেলে সিএনজি ব্যবহারের অনুমতি চাওয়া হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে গ্যাস নেই, এলএনজি আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের পরামর্শ দেন তিনি।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জেট ফুয়েলের দাম বাড়ায় ১৮ টাকার বদলে এখন ৪২ টাকা কর দিতে হয়। এ ক্ষেত্রে আগের হার বজায় রাখার দাবি জানানো হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় চার লাখ কোটি থেকে এবার ছয় লাখ কোটি টাকা আদায় করতে হবে। তাই খুব বেশি কমানোর সুযোগ নেই।