আশিক চৌধুরী
আশিক চৌধুরী

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, সচিব ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান ছিলেন।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬–এর ধারা ৪–এর উপধারা (৫) অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্যপদে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) পদে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান ও সচিবকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁদের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন কর্তৃপক্ষ ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলে এখন থেকে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে।