আসছে বাজেট

সিলেট বিমানবন্দরে সুবিধা বাড়ানো ও নতুন বিসিক শিল্পনগরী দরকার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট থেকে স্থানীয়ভাবে কী প্রত্যাশা করা হচ্ছে, তা জানতে ঢাকার বাইরের ব্যবসায়ী নেতাদের অভিমত প্রকাশ করছে প্রথম আলো।তাহমিন আহমদ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। প্রথম আলোর কাছে জানিয়েছেন আগামী বাজেটে তাঁর প্রত্যাশার কথা।

বাজেট ২০২৩–২৪
বাজেট ২০২৩–২৪

কোভিড-১৯ মহামারি ও পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। এ অবস্থায় কৃষিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বাজেটে এসব খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও সময়োপযোগী দিকনির্দেশনা জরুরি।

জাতীয় বাজেটে সিলেটবাসীর জন্য জরুরি বেশ কিছু প্রস্তাবনা থাকা প্রয়োজন। এর মধ্যে রয়েছে সিলেটের যোগাযোগব্যবস্থা, বিশেষ করে রেল যোগাযোগ উন্নত করা, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়্যার হাউস ও প্যাকিং হাউস নির্মাণ, স্থলবন্দরগুলোয় আমদানি-রপ্তানির সুযোগ বাড়ানো, সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।

সিলেটে তেমন কোনো বড় শিল্পপ্রতিষ্ঠান না থাকায় সিলেটের ব্যবসা-বাণিজ্য মূলত আমদানিনির্ভর। পর্যটন এখানে একটি গুরুত্বপূর্ণ খাত। ব্যবসা ও পর্যটন খাতের বিনিয়োগকারীরা কোভিড-১৯ মহামারিকালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত বছরের ভয়াবহ বন্যায়ও সিলেট বিভাগ বিপর্যস্ত হয়েছে। এ অবস্থায় কর ও ভ্যাটের বাড়তি চাপ থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে। সিলেটের ব্যবসায়ীদের প্রতি সরকারের সহমর্মিতামূলক মনোভাব রাখা একান্ত প্রয়োজন।

তাহমিন আহমদ, সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানযোগে সরাসরি পণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে প্যাকিং হাউস নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ সিস্টেম পুনরায় চালু এবং সুনামগঞ্জের জাদুকাটা নদীপথ দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির ব্যবস্থা চালু করা দরকার বলে আমরা মনে করি।

সিলেটের ক্ষুদ্র শিল্পের প্রসারে উদ্যোগ নেওয়া যেতে পারে। সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর ও খাদিমনগরে দুটি বিসিক শিল্পনগরী রয়েছে। কিন্তু এর কোনোটিতেই শিল্প প্লট আর খালি নেই। তাই সিলেটে দ্রুততম সময়ের মধ্যে আরেকটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা জরুরি।