ফুটবলে মজে অর্থনীতির করুণ দশা ভুলতে বসেছেন আর্জেন্টিনার সাধারণ মানুষ। সবারই প্রত্যাশা, জাতীয় বীর লিওনেল মেসি তাঁদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেবেন।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ভক্ত-সমর্থকেরা, যদিও দেশটির রাজধানী বুয়েনস এইরেসে তখন ছিল তুমুল বৃষ্টি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দেশটির তরুণ প্রজন্মের মনোভাব উঠে এসেছে। ২২ বছর বয়সী তরুণ পোরতিলো বলেন, ‘ফুটবল আমাদের পরিত্রাতা হয়ে এসেছে। আমাদের চারপাশে কোনো কিছুই ভালো নেই, তারপরও এ সপ্তাহে আমরা উল্লসিত।’
বাস্তবতা হচ্ছে, বুয়েনস এইরেসে শহরের প্রতিটি বাড়ির ছাদ ও জানালা এখন নীল-সাদা পতাকায় ছেয়ে গেছে। জাতির সব আশা এখন লিওনেল মেসির ক্ষুদ্র কাঁধে।
এদিকে চলতি ডিসেম্বর মাসে আর্জেন্টিনার মূল্যস্ফীতির হার ১০০ শতাংশে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে অনেক মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। দেশটির বামঘেঁষা সরকার আন্তর্জাতিক বাজারব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। তা সত্ত্বেও নানা ধরনের ভর্তুকি দিয়ে যাচ্ছে তারা। এতে বাড়ছে ঋণ; ফাইন্যান্সিয়াল টাইমসের ভাষায়, এই ঋণ টেকসই নয়। এর মধ্যে গত সপ্তাহে দেশটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন।
আর্জেন্টিনার অর্থনীতির যা অবস্থা, তাতে প্রতি মাসেই মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নামছেন। কিন্তু বিশ্বকাপের সময় এখনো সে রকম কিছু ঘটেনি।
তবে বিশ্বকাপে আর্জেন্টিনা জিতুক না–জিতুক, খেলা শেষ হলে আবারও মানুষ রাস্তায় নামতে পারেন। করোনা মহামারির সময় ভুল নীতির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছিল। সামগ্রিকভাবে অর্থনৈতিক সমস্যা পাহাড়সম হয়ে উঠেছে। মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করার কারণে কালোবাজারের সঙ্গে সরকারি হারের ব্যবধান প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে। দেশটির মুদ্রা পেসোর ওপর মানুষের আস্থা স্রেফ কর্পূরের মতো উবে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমে গেছে।
কিন্তু এসব সমস্যা যেন বিশ্বকাপের এক মাসে গৌণ হয়ে উঠেছে। গত মাসে দেশটির শ্রমমন্ত্রী কেলি ওলমোস বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অপেক্ষা করা যেতে পারে, কিন্তু বিশ্বকাপ তো চলছে। এখন বিশ্বকাপ জেতাই আমাদের অগ্রাধিকার।’ তবে সমালোচনার পর তিনি নিজের এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
দুর্নীতির দায়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও সিনেটের প্রধান ফার্নান্দেজ দে কির্চনারের দণ্ড জাতিকে বিভক্ত করে দিয়েছে। তবে তাঁর সাংবিধানিক সুরক্ষা আছে। ফলে দণ্ডিত হলেও তাঁকে হয়তো কারাগারে যেতে হবে না।
এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা ফাইনালে জিতে গেলে তা জনতার বিজয় হবে বলেই মনে করছেন দেশটির নাগরিকেরা। রাজনৈতিক দলের জন্য এই বিজয় বিশেষ কিছু নয়। তাঁরা মনে করছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও কেউ শিরোপা নিয়ে প্রেসিডেন্টের প্রাসাদে যাবেন না। দেশটির রাজনৈতিক নেতৃত্বের প্রতি এভাবেই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন।