এক দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। চিনির দামও বাড়তি।

ঈদের আগে বাজারে বেড়েছে মুরগির দাম। এক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। আর সোনালি মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। মুরগির মতো চিনির দামও বেশি। সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে প্রতি কেজি খোলা চিনি।
এ ছাড়া ঈদের দিনের অন্যতম অনুষঙ্গ সেমাই ও পোলাওয়ের চালের দামও বাড়তি। তবে ডাল, আটা, সয়াবিন তেল, সবজি ও বিভিন্ন ধরনের মসলার দাম আগের মতো উচ্চ মূল্যে স্থিতিশীল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজার, মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে এবং মিরপুর এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। গত বুধবার ব্রয়লার মুরগির কেজি ছিল ২১০ টাকা। আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০ টাকা কেজি।
ব্রয়লার মুরগির দাম এক লাফে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে জানিয়ে মিরপুর শাহ আলী বাজারের শাহ আলী মুরগি বিতানের বিক্রেতা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রোজায় মুরগির দাম কিছুটা কমেছিল। কিন্তু ঈদের আগে হঠাৎ বেড়ে গেছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করেছি ২৫০ টাকায়।’
পাইকারিতে মূল্যবৃদ্ধির কারণে খুচরায়ও দাম বেড়েছে বলে জানান রাজধানীর মালিবাগ বাজারের ইমরান চিকেন হাউসের স্বত্বাধিকারী জামাল হোসেন।
সরকারি ছুটি থাকায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি গতকাল বাজারদরের কোনো তালিকা প্রকাশ করেনি। সর্বশেষ মঙ্গলবার বাজারদরের যে তালিকা সংস্থাটি প্রকাশ করেছে, তাতে ওই দিন রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১৫ টাকা।
ঈদে আলাদা করে কিছু খাবার প্রস্তুত করতে হয়। তাতে মুরগি ও গরুর মাংস কিনেছি। মুরগির দাম অন্য দিনের তুলনায় বেশি।আছিরুন বেগম, গৃহিণী
রোজা শুরুর আগেও মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম উঠেছিল ২৬০ থেকে ২৮০ টাকা। তখন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মধ্যস্থতায় দেশের পোলট্রি খাতের চারটি বড় কোম্পানি রোজা চলাকালে পাইকারিতে ১৯৫ টাকার মধ্যে প্রতি কেজি মুরগি বিক্রির ঘোষণা দেয়। এরপরই বাজারে মুরগির দাম কমে ২০০-২১০ টাকায় নেমে আসে। এখন রোজা শেষে ঈদ ঘনিয়ে আসায় তা আবার উঠে গেছে ২৫০ টাকায়।
বাজারে মুরগির মূল্যবৃদ্ধির জন্য এ খাতের বড় কোম্পানিগুলোকে দায়ী করেছেন ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিসি) সভাপতি সুমন হাওলাদার। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, একটা সিন্ডিকেট সব সময় মুরগির বাজার অস্থিতিশীল করার চেষ্টায় থাকে। সুযোগ পেলেই তারা দাম বাড়িয়ে বিপুল মুনাফা তুলে নেয়। কিন্তু খামারিদের তাতে কোনো লাভ হয় না। ক্ষুদ্র খামারিরা যৌক্তিক দামও পান না।
মুরগির দাম বাড়লেও গরু ও খাসির মাংসের দামের খুব বেশি হেরফের হয়নি। ঢাকার মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে মিরপুর শাহ আলী মার্কেটে কয়েকটি দোকানে গরুর মাংসের দাম উঠেছে সর্বোচ্চ ৭৮০ টাকা কেজি। রাজধানীর বিভিন্ন বাজারে খাসির মাংস বিক্রি হয়েছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা। তবে কিছু কিছু সুপারশপে বাজারের চেয়ে কিছুটা কম দামে গরুর মাংস বিক্রি হয়েছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে চিনির দামও আরেক দফা বেড়েছে। বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ খুবই কম। এ অবস্থায় খোলা চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি। অথচ বাণিজ্য মন্ত্রণালয় খোলা চিনির সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ১০৪ টাকা কেজি। কিন্তু সেই দামে চিনি পাওয়া যাচ্ছে না বাজারে। এতে প্রতি কেজি চিনিতে ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে ১৬ থেকে ২১ টাকা। গত সাত মাসে সরকার পাঁচবার চিনির দাম বেঁধে দিয়েছে। কিন্তু কোনোবারই নির্ধারিত সেই দামে চিনি বিক্রি হয়নি।
মুরগি ও চিনির দাম বাড়লেও বাজারে বিভিন্ন ধরনের সবজি, ডাল, আটা, সয়াবিন তেল, মসলার দামে বড় ধরনের কোনো হেরফের হয়নি। উচ্চ মূল্যে স্থিতিশীল হয়ে আছে এসব পণ্য। তবে বাজারে ঈদ উপলক্ষে সেমাই ও দুগ্ধজাতীয় পণ্যের বেচাকেনা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মালিবাগ বাজারের ক্রেতা গৃহিণী আছিরুন বেগম প্রথম আলোকে বলেন, ‘ঈদে আলাদা করে কিছু খাবার প্রস্তুত করতে হয়। তাতে মুরগি ও গরুর মাংস কিনেছি। মুরগির দাম অন্য দিনের তুলনায় বেশি। ঈদের দিনে রান্নার জন্য সেমাই ও পোলাওয়ের চাল কিনেছি। গত বছরের তুলনায় এগুলোর দামও কিছুটা বেশি।’