
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাস পাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এতে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৯ টাকা, আগে যা ছিল ১৮৯ টাকা। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম কমল ১০ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে কমেছে ৮ টাকা। এখন খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৯ টাকায়। আর ৫ লিটার বোতলের সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৭৩ টাকা।
একই সঙ্গে কমানো হয়েছে পাম তেলের দামও। খোলা পাম তেলের দাম ৫ টাকা কমিয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১২৮ টাকা। বোতলজাত পাম তেলের দাম ১২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর হবে।
তবে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, দাম বাড়ানোর সিদ্ধান্ত হলে বাজারে যত দ্রুত বাড়তি দাম কার্যকর করা হয়, দাম কমানো হলে দ্রুততার সঙ্গে তা কার্যকর হয় না। কমানো দামের সয়াবিন বাজারে আসতে দেরি হয়। আর দোকানে বাড়তি দামের যে সয়াবিন থাকে, তা মোড়কের গায়ের দামেই বিক্রি করেন খুচরা দোকানদারেরা।