
ভারত থেকে আট হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ভারত থেকে মসুর ডাল কেনার তথ্য জানান।
সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, পণ্য বিক্রয়কারী সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারত থেকে ৯১ টাকা ১৪ পয়সা কেজি দরে মসুর ডাল কেনা হবে। এতে সব মিলিয়ে খরচ পড়বে ৭২ কোটি ৯১ লাখ টাকা। ভারতীয় কোম্পানি উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে এ মসুর ডাল কেনা হবে। কোম্পানিটির স্থানীয় এজেন্ট ফিউচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, ঢাকা।
গত সপ্তাহে ৭৩ কোটি ৪৪ লাখ টাকায় ৮ হাজার টন এবং তার আগের সপ্তাহে ৭৩ কোটি ২৮ লাখ টাকায় আরও ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর আট হাজার টন মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। তখন অবশ্য প্রতি কেজির দাম পড়েছিল ৮১ কোটি ৫৮ লাখ টাকা।
টিসিবির তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাজারে প্রতি কেজি বড় দানার মসুর ডাল ৯৫ থেকে ১০০ টাকা, মাঝারি দানা ১১০–১১৫ টাকা এবং ছোট দানা ১৩০–১৩৫ টাকা কেজি দরে বেচাকেনা হয়েছে।
প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে নিম্ন আয়ের মানুষের কাছে প্রতি মাসে দুই কেজি মসুর ডাল বিক্রি করা হয়। সেই সঙ্গে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা এবং প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫ ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করছে। অবশ্য পেঁয়াজ বিক্রি করা হচ্ছে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত জেলাগুলোতে।