কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক কমানো ও বিদেশি সিরামিক পণ্য আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্য বাড়ানোসহ কয়েকটি প্রস্তাব দিয়েছে বিসিএমইএ।
স্থানীয় সিরামিক শিল্প খাতের সুরক্ষায় দেশে টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। একই সঙ্গে কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক কমানো ও বিদেশে তৈরি সিরামিক পণ্য আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্য বাড়ানোসহ আরও কয়েকটি প্রস্তাব দিয়েছেন তাঁরা।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্প্রতি লেখা এক চিঠিতে এসব দাবি–প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ সিরামিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিসিএমইএ) নেতারা। এসব প্রস্তাব তাঁরা আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
এনবিআরকে লেখা চিঠিতে বিসিএমইএ জানায়, সিরামিক খাতের যন্ত্রপাতি, প্রযুক্তি ও বেশির ভাগ কাঁচামাল আমদানি করতে হয়। এ কারণে উৎপাদন খরচ অনেক বেশি পড়ে। অন্যদিকে কাঁচামাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশগুলোতে এই পণ্য উৎপাদনে খরচ অনেক কম হয়। তাই পণ্য বিক্রির সময় এই খাতের দেশীয় উদ্যোক্তারা স্থানীয় ও বিশ্ববাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
বিসিএমইএ বলেছে, দেশে বারবার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সিরামিক শিল্পের উদ্যোক্তারা সমস্যায় পড়েছেন। গত বছর গ্যাসের দাম ১২০ শতাংশ বেড়েছে। এতে প্রতি কেজি সিরামিক পণ্য উৎপাদনে ব্যয় চার থেকে সাত টাকা বেড়ে গিয়েছে। সরকার সম্প্রতি আরেক দফা গ্যাসের দাম গড়ে ১৫০ শতাংশ বাড়িয়েছে। এতে প্রতি কেজির উৎপাদন খরচ ১০ টাকা পর্যন্ত বেড়ে যাবে। এ অবস্থায় স্থানীয় সিরামিক শিল্প খাতের সুরক্ষায় উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি তুলেছে সংগঠনটি।
বিসিএমইএর তথ্য— দেশে ৭০টি সিরামিক কারখানা আছে। এর মধ্যে তৈজসপত্রের ২০টি, টাইলসের ৩২ ও স্যানিটারি পণ্যের ১৮টি।— এ খাতে দেশি-বিদেশি মিলিয়ে বিনিয়োগ হয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি।— কর্মসংস্থান হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
বিসিএমইএর তথ্য অনুসারে, দেশে বর্তমানে ৭০টির বেশি সিরামিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে তৈজসপত্রের (টেবিলওয়্যার) ২০টি, টাইলসের ৩২ ও স্যানিটারি পণ্য (স্যানিটারিওয়্যার) উৎপাদনের ১৮টি কারখানা। এ খাতে দেশি-বিদেশি মিলিয়ে ১৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। আর খাতটিতে কর্মসংস্থান হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
এনবিআরকে দেওয়া প্রস্তাবনায় বিসিএমইএ বলেছে, বর্তমানে টাইলস ও স্যানিটারি পণ্যে যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) রয়েছে। বিভিন্ন কারণে টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। তাতে ভবন নির্মাণের অন্যতম উপকরণ টাইলস ও স্যানিটারি পণ্যের দাম ক্রেতাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলে পরিবেশবান্ধব টাইলস ও স্যানিটারি পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে।
বর্তমানে সিরামিক পণ্যের মূল্য ঘোষণার ক্ষেত্রে সহগ নির্ণয়ে উৎপাদনের প্রকৃত প্রসেস লস বা ওয়েস্টেজ ২০ থেকে ২২ শতাংশ পর্যন্ত অনুমোদন করা হয়। এই হারকে ৩৫ শতাংশ পর্যন্ত বিবেচনা করার প্রস্তাব দিয়েছে বিসিএমইএ।
সংগঠনটি বলছে, সিরামিক পণ্যের কাঁচামালের প্রায় ৮০ শতাংশ প্রাকৃতিক খনিজ মাটিজাতীয় (ক্লে) উপাদান (যেমন চীনা ক্লে ও বল ক্লে)। আমদানিনির্ভর এসব মাটিতে আর্দ্রতা (ময়েশ্চার), রাসায়নিক পানি ও উৎপাদন প্রক্রিয়ার ঘাটতি মিলিয়ে গড়ে ৪০ শতাংশ পর্যন্ত ওয়েস্টেজ হয়ে থাকে। এর ফলে উৎপাদকের আর্থিক ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এ জন্য আর্দ্রতাসহ প্রসেস লস ৩৫ শতাংশ পর্যন্ত বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিএমইএ।
একই সঙ্গে সিরামিক পণ্য তৈরিতে প্রয়োজনীয় ১১ ধরনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিসিএমইএ। এসব পণ্যে শুল্ক-কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বিসিএমইএ বলেছে, বিদেশে তৈরি টাইলস ও টেবিলওয়্যার পণ্য আমদানিতে ন্যূনতম শুল্ক (ট্যারিফ) প্রত্যাহার করেছে এনবিআর। অন্যদিকে দেশীয় পণ্যের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক ও বিক্রিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপ রয়েছে। এ কারণে দেশীয় সিরামিক কারখানাগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
এ ছাড়া মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর আইনের বেশি কিছু ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিসিএমইএ। সংগঠনটি বলছে, বর্তমানে সিরামিক পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো বন্ড সুবিধা নেই। উৎপাদন ব্যয় বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশীয় উদ্যোক্তাদের আংশিক (পার্শিয়াল) বন্ড সুবিধা প্রয়োজন।