উৎপাদন বাড়বে ৫০%

টাইলসে হাজার কোটি টাকা নতুন বিনিয়োগে আরএকে

গাজীপুরে ১০০ বিঘা জমির ওপর নতুন কারখানা করবে আরএকে সিরামিকস। ২০২৫ সালে উৎপাদন শুরুর আশা।

টাইলসে নতুন করে বড় বিনিয়োগে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস। গাজীপুরে ১০০ বিঘা বা প্রায় ৩৪ একর জায়গার ওপর উন্নত মানের টাইলস তৈরির জন্য নতুন কারখানা করতে যাচ্ছে কোম্পানিটি। এ জন্য বিনিয়োগ করা হবে প্রায় এক হাজার কোটি টাকা। গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন বিনিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন এ বিনিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগের এ সিদ্ধান্তের কথা জানান। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া কোম্পানিটির তথ্য অনুযায়ী, গাজীপুরের ভুতুলিয়ায় নতুন এ কারখানা গড়ে তোলা হবে। এ জন্য প্রায় ৬৩ কোটি টাকায় প্রায় ৩৪ একর জমি কিনছে কোম্পানিটি। আর এই জমি কেনা হচ্ছে কোম্পানির এমডির কাছ থেকে। কারখানা স্থাপনে ব্যয় হবে প্রায় ৯০৩ কোটি টাকা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরএকে সিরামিকসের কর্মকর্তারা জানান, নতুন কারখানাটি হবে পরিবেশবান্ধব। নতুন এ কারখানায় প্রতিদিন উৎপাদিত হবে ১৫ হাজার বর্গমিটার টাইলস। বর্তমানে আরএকে সিরামিকস দৈনিক গড়ে প্রায় ২৯ হাজার বর্গমিটার টাইলস উৎপাদন করে। নতুন কারখানা উৎপাদনে এলে কোম্পানিটির উৎপাদনক্ষমতা ৫০ শতাংশের বেশি বাড়বে। আর কর্মসংস্থান হবে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লোকের। ২০২৫ সালের মধ্যে নতুন কারখানাটি উৎপাদনে আসবে বলে আশা করছেন আরএকের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরএকে সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা সাধন কুমার দে, কোম্পানি সচিব মুহাম্মদ শহীদুল ইসলাম, বিপণন ও যোগাযোগ বিভাগের প্রধান এস এম আরাফাত রহমান। সভায় সাধন কুমার দে বলেন, ‘আমরা আশা করছি, নতুন কারখানাটি উৎপাদনে আসার ছয় বছরের মধ্যে বিনিয়োগ উঠে আসবে। আমদানি বিকল্প টাইলস উৎপাদিত হবে নতুন কারখানায়। এ জন্য কারখানায় ব্যবহার করা হবে ইউরোপীয় যন্ত্রপাতি, যার সিংহভাগই আসবে ইতালি থেকে।’

নতুন এ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে সাধন কুমার দে বলেন, ‘আমরা দেখছি দেশে টাইলসের চাহিদা প্রতিবছরই বাড়ছে। ভোক্তার চাহিদায়ও ব্যাপক পরিবর্তন আসছে। সেই চাহিদার সঙ্গে সংগতি রেখে নতুন কারখানা করার উদ্যোগ নিয়েছি আমরা।’

এবারের বাজেটে সিরামিক শিল্পের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে কোম্পানিটির কর্মকর্তারা বলেন, ‘প্রস্তাবিত বাজেটে এ খাতের জন্য নতুন কোনো কিছু করা হয়নি। আবার আগে যেসব সুবিধা ছিল, সেগুলো বাতিলও করা হয়নি। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার আড়াই শতাংশ কমানো হয়েছে। তবে এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাজেটে বলা হয়েছে, কোনো কোম্পানি যদি বছরে ১২ লাখ টাকার বেশি নগদে লেনদেন করে, তবে ওই কোম্পানি করপোরেট কর হার কমানোর সুবিধা পাবে না। আমাদের মতো কোম্পানির ক্ষেত্রে এ শর্ত পূরণ করা সম্ভব নয়। কারণ, শুক্র ও শনিবার এবং ব্যাংকিং সময়ের পরও আমাদের পণ্য সরবরাহ করতে হয়। এতে বড় অঙ্কের অর্থ নগদে লেনদেনের প্রয়োজন হয়।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর টাইলসের বাজার ২০ শতাংশ করে বড় হচ্ছে। ২০২১ সালে আরএকে সিরামিকসের আয় আগের বছরের তুলনায় সাড়ে ২৯ শতাংশ বেড়েছে। তবে শেয়ারপ্রতি আয় বা ইপিএস প্রবৃদ্ধি হয়েছে ১৯০ শতাংশের বেশি। ২০২১ সালে কোম্পানিটি ৯০ কোটি ৫২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে।

বাংলাদেশে আরএকে সিরামিকসের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। ২০০০ সালে এটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ২০১০ সালে প্রথম কোম্পানি হিসেবে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করে কোম্পানিটি। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৪৬ টাকা ৩০ পয়সা। বর্তমানে দেশের বছরে যে পরিমাণ টাইলস বিক্রি হয়, তার ৭ থেকে ৮ শতাংশই আরএকে টাইলসের। আর টাকার অঙ্কে টাইলসের বাজারের ১৫ থেকে ১৮ শতাংশই কোম্পানিটির দখলে।