অ্যামচেমের ওয়েবিনার

নারীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ

দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে। যেসব খাতে বিশেষ শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না, সেখানে নারীদের অগ্রাধিকার দেওয়ার রীতি শুরু হয়েছে। নারীরা পুরুষের মতোই কাজ করতে পারেন, কিন্তু তাঁরা অনেক ক্ষেত্রে দক্ষতায় পিছিয়ে আছেন। সে জন্য নারীদের দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ দরকার বলে মনে করেন বক্তারা।

গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ উইমেন পাওয়ার ‘দ্য ফোর্স মাল্টিপ্লায়ার’ শীর্ষক এক ওয়েবিনার আয়োজন করে। বক্তারা শ্রমবাজারে নারীর অংশগ্রহণ এবং উদ্যোক্তা হয়ে ওঠার পথে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।

দেশে অনেক পরিবর্তন এসেছে। নারীরা এখন পুরুষদের তুলনায় শিক্ষায় ভালো করছেন। অনেক শিল্প এখন নারী কর্মীনির্ভর, তৈরি পোশাক খাতের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া কৃষি খাতের ৫০ শতাংশ শ্রমিক নারী। প্রাণ-আরএফএলের মতো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানেও অনেক নারী কাজ করেন। এই পরিস্থিতিতে নারীদের দরকার বন্ধুত্বের প্রসারিত হাত। এসব কথা বলেন প্রাণ–আরএফএল গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা ও পরিচালক উজমা চৌধুরী।

নারী উদ্যোক্তারা বলেন, কোভিড-১৯-এর প্রভাবে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাত ক্ষতির শিকার হয়েছে। এর মধ্যে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী উদ্যোক্তারা আরেকটু সহযোগিতা পেলে ক্ষুদ্র থেকে উত্তীর্ণ হয়ে ছোট ও মাঝারি উদ্যোক্তা হতে পারবেন। এ ক্ষেত্র প্রতিবন্ধকতা হিসেবে তাঁরা যেসব বিষয় চিহ্নিত করেন, সেগুলো হলো অর্থায়ন, পুঁজি, করপোরেট ব্যবস্থাপনা, প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক রীতি।

অ্যামচেম বিশ্বাস করে, এই আলোচনা সিএমএসএমই খাতের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নারী উদ্যোক্তাদের বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারপারসন লুনা শামসুদ্দোহা। বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি রুবানা হক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা প্রমুখ।

অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, অ্যামচেম বিশ্বাস করে, এই আলোচনা সিএমএসএমই খাতের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।