লিফট আমদানিতে শুল্ক-কর ১১ থেকে বাড়িয়ে এক লাফে ৩০% করা হয়েছে। এতে ফ্ল্যাটের দাম বাড়বে। শতাধিক আমদানিকারকও লোকসানে পড়বে।

লিফট এত দিন বিদেশ থেকে মূলধনি যন্ত্রপাতি হিসেবে আমদানি করা হতো। আর মূলধনি যন্ত্রপাতিতে আমদানি শুল্ক ন্যূনতম। সে অনুযায়ী লিফট আমদানির ওপর শুল্ক ছিল ১ শতাংশ। সঙ্গে ছিল ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ও ৫ শতাংশ অগ্রিম কর (এটি)। অর্থাৎ লিফট আমদানিতে এত দিন ১১ শতাংশ শুল্ক-কর দিতে হতো।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আগের হিসাব পাল্টে গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৯ জুন সংসদে উত্থাপিত বাজেটে লিফট আমদানিতে শুল্ক ১ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রাখেন। পাশাপাশি লিফটকে আর মূলধনি যন্ত্রপাতি হিসেবে গণ্য না করার ঘোষণা দেন তিনি। অর্থমন্ত্রী লিফট আমদানিতে সব মিলিয়ে ৩১ শতাংশ শুল্ক-কর আরোপের কথা বলেন।
সরকার স্থানীয় শিল্পের সুবিধা দিক। তবে সারা দেশে লিফট সরবরাহের সক্ষমতা এক-দুটি দেশীয় কারখানার আছে কি না, তা-ও যাচাইয়ের বিষয়। আমাদের ধ্বংস করার পথ তৈরি হয়েছে।মো. শফিউল আলম, সাধারণ সম্পাদক, বিলিয়া।
অর্থমন্ত্রী স্থানীয় শিল্পোদ্যোক্তাদের স্বার্থ দেখতেই এমন প্রস্তাব করেছেন বলে বাজেট বক্তব্যে সরাসরিই জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে লিফটের চাহিদা বাড়ছে। স্থানীয় উদ্যোক্তারা লিফট শিল্পে অধিক হারে বিনিয়োগ শুরু করেছেন। দেশীয় শিল্পের প্রসারের স্বার্থে এবং আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে আমদানি পর্যায়ে ৫ শতাংশ শুল্ক আরোপসহ মোট কর ৩১ শতাংশ ধার্যের প্রস্তাব করছি।’
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনে শুল্ক-কর ৩০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। তাদের হিসাবটি এ রকম: আমদানি শুল্ক ৫ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, এআইটি ৫ শতাংশ ও এটি ৫ শতাংশ। এতে লিফট আমদানিতে শুল্ক-কর ১১ থেকে এক লাফে ১৯ শতাংশ বেড়ে ৩০ শতাংশে উঠেছে।
নতুন শুল্ক-কর সম্পর্কে সিটি লিফট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অসীম সরকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বড় লোকসানের মধ্যে পড়ে গেলাম। চীন থেকে এনভল ব্র্যান্ডের দুটি লিফট আমদানির ঋণপত্র (এলসি) খুলেছিলাম। চট্টগ্রাম বন্দর থেকে তা খালাস করতে সাত লাখ টাকা বেশি গুনতে হয়েছে। অথচ এ দুটি লিফটের ক্রেতার সঙ্গে আমাদের যত টাকার চুক্তি রয়েছে, তা থেকে তো আর বাড়িয়ে নেওয়া সম্ভব নয়।’
সিটি লিফটের মতো বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিলিয়া) ৪২ সদস্য ও সদস্যপদের জন্য অপেক্ষমাণ আরও ৩৫টিসহ লিফট আমদানিকারক শতাধিক প্রতিষ্ঠান এখন লোকসানের পথে। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক-কর কার্যকর হয়ে যায়। তাই আমদানিকারকদের এখন বন্দর থেকে নতুন হারেই লিফট খালাস করতে হচ্ছে।
লিফট আমদানিকারকেরা জানান, কোভিড-১৯-এর কারণে জাহাজ ভাড়া বেড়ে গেছে ৭ থেকে ৮ গুণ। আবার শুধু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিটি লিফটের দাম বেড়েছে ১৮ থেকে ২০ শতাংশ। বাড়তি শুল্ক-কর আরোপে তাঁরা ধ্বংস হয়ে যাবেন। আর লিফটের দাম বাড়লে ফ্ল্যাটের দামেও এর প্রভাব পড়বে।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশে ২০২০ সালে ৭০৭ কোটি ও ২০২১ সালে ৮৮৫ কোটি টাকার লিফট আমদানি হয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বড় বড় অট্টালিকা গড়ে উঠছে। এসব ক্ষেত্রে বসে নানা ধরনের লিফট। তবে প্যাসেঞ্জার, হাসপাতাল, ক্যাপসুল, কার্গো, এস্কেলেটর—এই পাঁচ ধরনের লিফট ব্যবহৃত বেশি হচ্ছে। বিলিয়া বলছে, ঢাকাসহ সারা দেশে মাসে বসছে ২৫০টি লিফট। আর লিফট আমদানি হয় সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ প্রভৃতি দেশ থেকে।
আগের শুল্ক-কর বহালের দাবিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বিলিয়া। এতে সংগঠনটির সভাপতি এমদাদ উর রহমান বলেন, হঠাৎ মূলধনি যন্ত্রপাতির বদলে লিফটকে আমদানিপণ্য বলা হচ্ছে। অথচ লিফট বিক্রির পরও এক বছর বিনা মূল্যে সেবা দিতে হয়, সব সময় সার্ভিসিং করতে হয়। লিফট একটি ভবনের হার্ট। এটি সচল থাকলেই মানুষ ও ভবন সচল থাকে।
বিলিয়ার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম বলেন, ‘সরকার স্থানীয় শিল্পের সুবিধা দিক। তবে সারা দেশে লিফট সরবরাহের সক্ষমতা এক-দুটি দেশীয় কারখানার আছে কি না, তা-ও যাচাইয়ের বিষয়। আমাদের ধ্বংস করার পথ তৈরি হয়েছে। একটি সিদ্ধান্তের কারণে শত শত কোম্পানি বন্ধ হওয়ার দশা হয়েছে।’