আইএফসির ৩৬৭ কোটি টাকা ঋণ পেল মেঘনার তানভীর ফুড

দেশে শক্তিশালী চালের বাজার গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৩৬৭ কোটি টাকার ঋণ পেয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড (টিএফএল)। এই ঋণ বাংলাদেশে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলা ও কৃষকদের জীবনমান উন্নয়নে আইএফসির গ্লোবাল ফুড সিকিউরিটি প্ল্যাটফর্মের আওতায় প্রথম প্রকল্প।

আইএফসি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের এই ঋণ (দেশীয় মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ৫০ লাখ টাকা) খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ১ লাখ ২৩ হাজারের বেশি ক্ষুদ্র কৃষককে সহায়তা করবে। বিশেষত নারীদের আয় বৃদ্ধি ও শক্তিশালী চালের বাজার গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

এই বিনিয়োগের ২ কোটি ১০ লাখ ডলার আইএফসির নিজস্ব অর্থায়ন থেকে আসবে। আর গ্লোবাল অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের (জিএএফএসপি) বেসরকারি খাতবিষয়ক উইন্ডো থেকে আসবে বাকি ১ কোটি ৪০ লাখ ডলারের ঋণ।

আইএফসি জানায়, সাড়ে তিন কোটি ডলার দিয়ে তানভীর ফুড বগুড়া অঞ্চলে দৈনিক এক হাজার মেট্রিক টন চাল প্রক্রিয়াজাতকরণের একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় চাল মিল স্থাপন করবে। এই মিলে ২০২৭ সালের মধ্যে ১ লাখ ২৭ হাজার টন গুণগত মানের প্যাকেটজাত চাল উৎপাদিত হবে। মিলে উৎপাদিত কুড়া থেকে দৈনিক ৮০ মেট্রিক টন উৎপাদনক্ষমতার একটি রাইস ব্র্যান ওয়েল বা চালের কুড়ার তেলের কারখানা করা হবে। তাপ ও বিদ্যুতের জন্য একটি হাস্কভিত্তিক সহ-উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাও আছে।

এমজিআইয়ের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা বলেন, ‘এই বিনিয়োগ বাংলাদেশের উত্তরাঞ্চলে চালের প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ কার্যক্রম বাড়াতে সহায়তা করবে। যে অঞ্চলের ক্ষুদ্র কৃষকের একটি বড় অংশ জীবিকার জন্য চাল উৎপাদনের ওপর নির্ভরশীল।’

তাহমিনা বিনতে মোস্তফা আরও বলেন, ‘মানুষের আয় বৃদ্ধি ও রুচির পরিবর্তনের কারণে প্যাকেটজাত চালের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। এই প্রেক্ষাপটে প্রচলিত হাস্কিং মিলের পরিবর্তে স্বয়ংক্রিয় মিলে স্থানান্তরের মাধ্যমে আমরা দেশের চাল উৎপাদন খাতের আধুনিকায়নে অবদান রাখতে চাই।’

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে থাকা আইএফসির আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি বলেন, বাংলাদেশের মতো দেশে খাদ্যনিরাপত্তা বলতে চালের নিরাপত্তা বোঝায়। অত্যাধুনিক একটি চালকল স্থাপনের মাধ্যমে এই প্রকল্প শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ক্ষুদ্র কৃষকদের কাছে আগের তুলনায় বেশি টাকা যাবে।