
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে কাল বুধবার। রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এটি ডেনিম এক্সপোর ২০তম আসর। এবারের প্রতিপাদ্য হচ্ছে—সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে। বাংলাদেশসহ ১০টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীর দুই দিনে ৫টি প্যানেল আলোচনা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা প্যানেল আলোচনায় অংশ নেবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজ উদ্দিন বলেন, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শুধু তাদের উদ্ভাবনী পণ্যই প্রদর্শন করবেন না, বরং এমন নতুন ধারণাও উপস্থাপন করবেন, যা ডেনিমশিল্পের ভবিষ্যৎ রূপ দেখাবে।