করোনার আগে উদ্যোগ নেওয়া হলেও এখনো প্রকল্প পাস হয়নি। অথচ সেটি উচ্চ অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে এডিপিতে অন্তর্ভুক্ত রয়েছে।

যশোর শহর ও শহরতলি এলাকা যানবাহনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ প্রস্তুত করার জন্য বিখ্যাত। সেখানে গাড়ির নানা ধরনের পার্টস অর্থাৎ যন্ত্রাংশ তৈরি হয়। ফাউন্ড্রি বা লোহালক্কড় ঢালাইয়ের কারখানাও আছে। গাড়ির বডিও বানানো হয়। যশোর এলাকায় এমন প্রায় ৩০০ কারখানা রয়েছে। এসব হালকা প্রকৌশলশিল্প খাতের জন্য একটি আলাদা বিসিক শিল্পনগর গড়ে তুলতে একটি প্রকল্প নেওয়া হলেও এর কাজে অগ্রগতি নেই।
এক বছরের বেশি সময় ধরে প্রকল্পটি ঝুলে আছে। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিকল্পনা কমিশনে এই প্রকল্প প্রস্তাব পাঠায়, যা এখনো পাস হয়নি। প্রকল্পের শিরোনাম ‘বিসিক ফাউন্ড্রি, অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প’।
বিসিক সূত্রে জানা গেছে, যশোরের হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তাদের জন্য করোনার আগেই বিসিক শিল্পনগর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু করোনার কারণে কাজ শুরু করা যায়নি।
২০২২ সালের মে মাসে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিল হরিনার পাশে এই শিল্পনগরের জন্য জমি অধিগ্রহণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ৪১০ একর জমি সার্ভে করা হয়। পরের মাসেই যশোর জেলা প্রশাসকের কাছে ভূমি অধিগ্রহণে সম্মতি দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু এক বছরের বেশি সময় পরে সম্প্রতি যশোর জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণে সম্মতি দেয়; কিন্তু তাতেও বিপত্তি আছে।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এখন জমি অধিগ্রহণে কিছুটা শ্লথগতিতে এগোতে চায় সরকার। কারণ, জমি অধিগ্রহণে জমির দামের পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হয়।
বিসিকের কর্মকর্তারা বলেন, এই সংস্থার বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান দায়িত্ব নেওয়ার পরই যশোরে বিসিক শিল্পনগর স্থাপনের কাজে গতি এসেছে। কারণ, তাঁর গ্রামের বাড়ি যশোরে।
যশোর বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. গোলাম হাফিজ প্রথম আলোকে বলেন, ‘যশোরে ফাউন্ড্রি, অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের উদ্যোগে গতি এসেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণের সম্মতিপত্র পাওয়া গেছে। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি পাস হবে।’ তিনি বলেন, লোহালক্কড়ের যন্ত্রপাতি তৈরির একটি বিশাল বাজার ও উদ্যোক্তাশ্রেণি গড়ে উঠেছে যশোরে। তাঁদের কাজে লাগাতে হবে।’
কয়েক মাস আগে বিসিক প্রধান কার্যালয় থেকে ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়সংবলিত প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। প্রকল্পটি চলতি ২০২৩–২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বইয়ের সবুজ পাতায় অননুমোদিত নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
এর মানে, চলতি অর্থবছরেই প্রকল্পটি পাস করা হবে। এটাকে ‘উচ্চ’ অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে ধরা হয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। বিসিকের এই শিল্পনগরে ১ হাজার প্লট হবে। সেখানে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা।
যশোরের ঝুমঝুমপুরে বর্তমান বিসিকে ১২১টি শিল্পকারখানা আছে। সেখানে কোনো খালি প্লট নেই। অনেক হালকা প্রকৌশল কারখানার মালিক বিসিকে আবেদন করেও নতুন প্লট পাচ্ছেন না।
যশোরের বেশ কিছু প্রতিষ্ঠান গাড়ি ও জাহাজের যন্ত্রপাতি বানায়। যেমন নাইমুল মেটাল গাড়ির যন্ত্রপাতি বানায়। শামীম মেটাল ও ফিরোজ মেটাল জাহাজের পাখা তৈরি করে। অন্যদিকে মোটরসাইকেল ও বাইসাইকেলের চাকার রিম তৈরি করে মদিনা মেটাল।
জানা গেছে, যশোরে এ রকম প্রায় ৩০০ হালকা প্রকৌশল কারখানা আছে। এসব কারখানায় গাড়ির যন্ত্রপাতি, জাহাজের যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতিসহ নানা ধরনের পণ্য তৈরি হয়।
(শেষ কিস্তি)