মাথিন্দ্রা ডি জয়সা, প্রধান পরিচালন কর্মকর্তা, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড
মাথিন্দ্রা ডি জয়সা, 
প্রধান পরিচালন কর্মকর্তা, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড

সাক্ষাৎকার: ওমেরার প্রধান পরিচালন কর্মকর্তা মাথিন্দ্রা ডি জয়সা

দেশে এলপিজি ব্যবহারের ধরন বদলে দিচ্ছে ওমেরা

দেশের জ্বালানি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস চাহিদা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের এর ব্যবহারিক ও অর্থনৈতিক সমাধানে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বাজারে নিয়ে এসেছে ছোট সিলিন্ডার ‘ওমেরা সহজ’। এই নতুন উদ্যোগ, বাজার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ওমেরার প্রধান পরিচালন কর্মকর্তা মাথিন্দ্রা ডি জয়সা। সাক্ষাৎকার নিয়েছেন শামসুল হক মো. মিরাজ

প্রশ্ন

দেশে সাধারণত ১২ কেজি বা তার চেয়ে বড় সিলিন্ডারের ব্যবহারই বেশি। হঠাৎ ৫ দশমিক ৫ কেজির এই ছোট সিলিন্ডার বাজারে আনার পেছনে মূল অনুপ্রেরণা ও গবেষণা কী ছিল?

মাথিন্দ্রা ডি জয়সা: দেশে এখনো এলপিজির চাহিদার চেয়ে বিক্রির হার ৪০ শতাংশের নিচে রয়েছে। যেসব এলাকায় এলপিজির ব্যবহার বিস্তৃত হয়নি, সেখানে অন্যতম প্রধান বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য এবং বড় সিলিন্ডার বহন ও ব্যবহারের অসুবিধা। বিশেষ করে গ্রামীণ অঞ্চল ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ছোট আকারের সিলিন্ডারের একটি বড় বাজার চাহিদা ও সম্ভাবনা দেখতে পেয়েছি। আমাদের বাজার গবেষণা ও প্রবণতা বিশ্লেষণে দেখা গেছে—বর্তমানে যাঁরা রান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহার করেন, তাঁরা মাসে গড়ে ১ হাজার ২০০ টাকার বেশি কাঠের পেছনে ব্যয় করেন। আমরা এমন একটি পকেট-ফ্রেন্ডলি সমাধান দিতে চেয়েছি, যেন প্রান্তিক মানুষ কম খরচে, সহজে এবং দ্রুত রান্নার সুবিধা পায়। এই উদ্যোগ দেশে কার্বন নিঃসরণ কমাতে এবং নির্বিচার গাছ কাটা রোধ করে একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রশ্ন

এই ছোট সিলিন্ডার কোন শ্রেণির ভোক্তাদের জন্য আনা হয়েছে? সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষের মাসিক বাজেটে এটি কীভাবে ইতিবাচক প্রভাব ফেলবে?

মাথিন্দ্রা ডি জয়সা: ‘ওমেরা সহজ’ ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারটি তৈরি করা হয়েছে এমন গ্রাহকদের জন্য, যাঁদের একটি সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব সমাধান প্রয়োজন। এই পণ্যের বেশির ভাগ ক্রেতা গার্মেন্টস কর্মী ও দিনমজুর, ছোট পরিবার বা একা থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, নিম্ন আয়ের পরিবার, রাস্তার ধারের ছোট ব্যবসায়ী, বিশেষ করে চায়ের টং দোকান। এর কমপ্যাক্ট আকারের কারণে এটি সহজে বহনযোগ্য। এ ছাড়া ছোট প্যাক সাইজ হওয়ায় গ্রাহককে একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় না, যা তাঁদের মাসিক বাজেটের ওপর চাপ কমায় এবং পরিচ্ছন্ন জ্বালানিকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসে।

প্রশ্ন

গ্যাসের মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গাইডলাইন কীভাবে সমন্বয় করেছেন? বিশ্ববাজারে এলপিজির দাম ওঠানামার মধ্যে এই মূল্য বজায় রাখা ওমেরার জন্য কতটা চ্যালেঞ্জিং?

মাথিন্দ্রা ডি জয়সা: বিইআরসির নির্দেশনা সম্পূর্ণভাবে অনুসরণ করে মূল্য নির্ধারণ করা হয়। পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমিত আয়ের মানুষের জন্য এলপিজি ব্যবহারের সুযোগ করে দিতেই  ওমেরা সহজ বাজারে নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যে পরিবর্তন আসে, তবে ওমেরা সব সময় সর্বোচ্চ সুবিধা দিয়ে ও অভ্যন্তরীণ সমন্বয় করে ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেয়।  

প্রশ্ন

৮৮৯ টাকা শুধু ভেতরের গ্যাসের মূল্য। নতুন গ্রাহকেরা যখন সিলিন্ডারটি কিনবেন, তখন খালি সিলিন্ডার ও আনুষঙ্গিক রেগুলেটরের জন্য প্রাথমিক খরচ কেমন পড়বে? 

মাথিন্দ্রা ডি জয়সা: একজন নতুন গ্রাহকের জন্য সিলিন্ডার, রেগুলেটর ও প্রয়োজনীয় আনুষঙ্গিকসহ প্রাথমিক খরচ ২,০০০ টাকার মধ্যেই রাখা হয়েছে। কম আয়ের মানুষের প্রাথমিক ব্যয়ের বাধা কমিয়ে সহজে পরিচ্ছন্ন জ্বালানির আওতায় আনাই আমাদের মূল উদ্দেশ্য। 

প্রশ্ন

নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ ওঠে। খুচরা বিক্রেতার যৌক্তিক দামে বিক্রি নিশ্চিত করতে ওমেরার নিজস্ব মনিটরিং কৌশল কী?

মাথিন্দ্রা ডি জয়সা: ওমেরা পেট্রোলিয়াম দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সব সময় বিইআরসি নির্ধারিত মূল্য অনুসরণ করে। এই মূল্যতালিকা আমাদের ডিস্ট্রিবিউশন ও চ্যানেল পার্টনারদের কাছে নিয়মিতভাবে মেনে চলার জন্য কঠোরভাবে জানানো হয়। তা ছাড়া অংশীদারদের সব সময় মনিটর করা হয় যেন ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পান।

প্রশ্ন

সিলিন্ডার ব্যবহারের ঝুঁকি বিবেচনায় ওমেরা আন্তর্জাতিক মানের কী ধরনের সেফটি ভালভ বা বিস্ফোরণ-রোধী প্রযুক্তি ব্যবহার করেছে?

মাথিন্দ্রা ডি জয়সা: ওমেরা একটি আইএসও সার্টিফায়েড প্রতিষ্ঠান। হবিগঞ্জের অত্যাধুনিক নিজস্ব সিলিন্ডার উৎপাদন কারখানা, যেখানে আন্তর্জাতিক সর্বোচ্চ মানদণ্ড মেনে প্রতিটি সিলিন্ডার তৈরি করা হয়। মান নিয়ন্ত্রণ ও সেফটির জন্য আমাদের টিম রয়েছে, যারা প্রতিটি সিলিন্ডার বাজারজাত করার আগে পরীক্ষা করেন।

প্রশ্ন

ওমেরার সিলিন্ডারের নতুন উদ্যোগের পর অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ডও হয়তো এই সেগমেন্টে আসতে পারে। বাজারে প্রতিযোগিতাকে আপনারা কীভাবে দেখছেন এবং নিজেদের অবস্থান ধরে রাখতে বিশেষ প্রস্তুতি কী?

মাথিন্দ্রা ডি জয়সা: তীব্র প্রতিযোগিতার মধ্যেও ওমেরা দেশের সবচেয়ে বিস্তৃত ডিলার নেটওয়ার্কের মাধ্যমে বাজারে তার অবস্থান ধরে রেখেছে। দেশের প্রতিটি অঞ্চলে দ্রুত সেবা পৌঁছে দিতে কৌশলগতভাবে আমাদের ফিলিং সুবিধাগুলো স্থাপন করেছি। এ ছাড়া ভোক্তাদের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস ও অভিজ্ঞতা রয়েছে যে ওমেরা সিলিন্ডার অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ২-৩ দিন বেশি ব্যবহার করা যায়। এই গুণগত মান ও ওজনের সততাই ওমেরার প্রতি গ্রাহকদের আস্থার মূল ভিত্তি।

প্রশ্ন

ওমেরা কি ভবিষ্যতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করছে? আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক এলপিজি খাতকে আপনারা কোথায় দেখতে চান?

মাথিন্দ্রা ডি জয়সা: আগামী পাঁচ বছরে দেশের এলপিজি শিল্প প্রায় ১০০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। ওমেরা দেশের অন্যতম বৃহৎ এলপিজি অপারেটর হিসেবে এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে প্রস্তুত। বাজারে আমাদের নেতৃত্ব ধরে রাখতে ও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ওমেরা ধারাবাহিক বিনিয়োগ করবে।