চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল

৪৬ প্রতিষ্ঠানের পণ্য রপ্তানির নতুন দুয়ার

কর্ণফুলীর দক্ষিণ পারের ৪৬ প্রতিষ্ঠান গত অর্থবছরে রপ্তানি করেছে ৬১ কোটি ডলার পণ্য। তাদের সামনে পণ্য রপ্তানির বিকল্প পথ এখন টানেল।

উদ্বোধনের পর গতকাল টানেল দিয়ে শুরু হয়েছে যান চলাচল। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টানেলের উদ্বোধন করেন। যান চলাচল শুরু হলেও হরতালের কারণে গতকাল এ টানেল দিয়ে পণ্যবাহী গাড়ির চলাচল ছিল কম। গতকাল দুপুরে আনোয়ারা প্রান্তে
জুয়েল শীল

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড থেকে গত অর্থবছরে রপ্তানি হয়েছিল প্রায় ৩৫ কোটি ডলারের (৩ হাজার ৪৭৪ কোটি টাকা) পণ্য। কোরিয়ান ইপিজেড থেকে কর্ণফুলী তৃতীয় শাহ আমানত সেতু এবং শহরের ফিরিঙ্গীবাজারের মেরিনার্স সড়ক ও মাঝিরঘাট এলাকা হয়ে প্রায় ১৮ কিলোমিটার দূরে বন্দরে এনে এই পণ্য রপ্তানি হয়েছে।

তবে এই পথে যানজট থাকে বেশির ভাগ সময়। যানজট এড়াতে সেতু থেকে শহরের বহদ্দারহাটের এম এ মান্নান উড়ালসড়ক ও আকতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক হয়ে ঘুরপথে প্রায় ২৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেও অনেক সময় বন্দরে নেওয়া হয় রপ্তানি পণ্য।

এসব রপ্তানি পণ্য এখন কারখানা থেকে কয়েক কিলোমিটার দূরে টানেলের প্রবেশপথ ধরে কম সময়ে বন্দরে আনা-নেওয়া সম্ভব হবে। শুধু কেইপিজেডই নয়, দক্ষিণ চট্টগ্রামের চালু থাকা রপ্তানিমুখী ও আমদানি প্রতিস্থাপক শিল্পকারখানার কাঁচামাল আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের নতুন দুয়ার খুলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

টানেল চালু হওয়ায় তাৎক্ষণিক সুফল পাবে মূলত দক্ষিণ চট্টগ্রামের চালু থাকা শিল্পকারখানাগুলো। শুরুতে ব্যবহার বেশি না বাড়লেও ধীরে ধীরে টানেলে পণ্য পরিবহন বাড়বে।
মইনুল ইসলাম, সাবেক ইউজিসি অধ্যাপক

গত শনিবার উদ্বোধনের পর গতকাল রোববার টানেল খুলে দেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। অবশ্য হরতালের কারণে গতকাল পণ্য পরিবহনকারী গাড়ি চলাচল কম ছিল। যাত্রীবাহী গাড়ির সংখ্যাই বেশি ছিল এদিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিন যাত্রীবাহী গাড়ির সংখ্যা ছিল বেশি। তবে রাজনৈতিক কর্মসূচি থাকার পরও ট্রাক, প্রাইম মুভার ট্রেইলারসহ পণ্যবাহী গাড়িও চলাচল করেছে। আশা করছি, কাল (আজ) থেকে পণ্যবাহী গাড়ির সংখ্যাও বাড়বে।’

সরকারি প্রশাসন ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ৬৩টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। এর মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প, জুতা, খেলনা, ব্যাগ তৈরির প্রতিষ্ঠানও রয়েছে। আবার আমদানি প্রতিস্থাপক সিমেন্ট, ইস্পাত, ভোগ্যপণ্য, সার, পেট্রোকেমিক্যালের কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠান কর্ণফুলী শাহ আমানত সেতু এবং নদীপথ ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি করেছে এত দিন। এখন বিকল্প হিসেবে টানেল ব্যবহারের সুযোগ সামনে এসেছে এসব প্রতিষ্ঠানের।

আমদানি-রপ্তানির তথ্যে দেখা যায়, গত অর্থবছরে দক্ষিণ চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডসহ ৪৬ প্রতিষ্ঠান থেকে ৬১ কোটি ডলারের (৬ হাজার ৪১ কোটি টাকা) পণ্য রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। রপ্তানিমুখীসহ আমদানি প্রতিস্থাপক ৫৩ প্রতিষ্ঠান একই সময়ে ১৮৫ কোটি ডলারের পণ্য আমদানি করে। রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে মোট ৬৩টি। এর মধ্যে কোনো প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। আবার কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা শুধু আমদানি বা রপ্তানির সঙ্গে জড়িত। সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের ৬৩টি প্রতিষ্ঠান গত অর্থবছরে ৩৮ লাখ ৮২ হাজার টনের ২৪৬ কোটি ডলারের পণ্য আমদানি-রপ্তানি করেছে।

দক্ষিণ চট্টগ্রামে প্রিমিয়ার সিমেন্টেরও কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, টানেল চালু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের কারখানাগুলোর পণ্য আমদানি-রপ্তানির নতুন পথ তৈরি হয়েছে। নদীপথের পাশাপাশি ধীরে ধীরে এসব কারখানার পণ্য পরিবহনে টানেল ব্যবহার বাড়বে।

টানেল চালু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের শিল্পকারখানা থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়া সহজ হয়েছে। যেমন বন্দর চালুর অপেক্ষায় থাকা পতেঙ্গা টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের শিল্পকারখানাগুলো যানজট ছাড়াই পণ্য আনা-নেওয়া করতে পারবে। বে-টার্মিনাল নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামের শিল্পকারখানার সবচেয়ে কাছের পথ হবে টানেল। তবে চট্টগ্রাম বন্দরের মূল টার্মিনালগুলোতে পণ্য আনা-নেওয়ার জন্য কিছু বাধার কথা উল্লেখ করেছেন উদ্যোক্তারা।

দক্ষিণ চট্টগ্রামের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা প্রথম আলোকে বলেন, টানেলের ব্যবহার বাড়াতে হলে চট্টগ্রাম শহরে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের একটি লুপ সল্টগোলা ক্রসিং এলাকায় নামাতে হবে। তাহলে বন্দরে পণ্য আনা-নেওয়া আরও সহজ হয়ে যাবে। একই সঙ্গে সল্টগোলা ক্রসিং ও সিমেন্ট ক্রসিংয়ের যানজটও দূর করতে হবে।

দক্ষিণ চট্টগ্রামে অর্থাৎ টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়ক থেকে এক কিলোমিটার দূরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮০৫ একর জায়গায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ চলছে।

সেখানে ৩৭১টি শিল্পকারখানা হবে। আবার মহেশখালীর ধলঘাটে সাড়ে তিন হাজার একর জায়গায় হচ্ছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল। এই দুটিসহ কক্সবাজারের মহেশখালীতে সাতটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চল চালু হলে পণ্য আনা-নেওয়ার প্রধান পথ হবে এই টানেল।

অর্থনীতিবিদ ও সাবেক ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, টানেল চালু হওয়ায় তাৎক্ষণিক সুফল পাবে মূলত দক্ষিণ চট্টগ্রামের চালু থাকা শিল্পকারখানাগুলো। শুরুতে ব্যবহার বেশি না বাড়লেও ধীরে ধীরে টানেলে পণ্য পরিবহন বাড়বে।