এত দিন যে ডিপোর মাধ্যমে হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি হতো, নিরাপত্তাঘাটতির কারণে তার রাসায়নিক রপ্তানি কার্যক্রম স্থগিত।
বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি। রাসায়নিকটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একটি ডিপোকে নিষিদ্ধ করায় পণ্যটির রপ্তানি বন্ধ হয়ে গেছে। তাতে চলমান ডলার–সংকটের এ সময়ে বন্ধ হয়েছে এ খাত থেকে ডলার আয়ের সুযোগ।
জানা যায়, প্রায় আট মাস আগে চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর কিছুদিন হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। ওই ঘটনার দুই মাস পর থেকে রপ্তানি পণ্যটি ব্যবস্থাপনা করে আসছিল চট্টগ্রামের বেসরকারি খাতের চিটাগাং কনটেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড বা সিসিটিসিএল ডিপো। তবে এই ডিপোটি হাইড্রোজেন পার–অক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক পণ্য ব্যবস্থাপনা করতে পারবে না বলে নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম কাস্টমস। এ কারণে আবারও বন্ধ হয়ে গেছে হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি।
কাস্টমস সূত্রে জানা যায়, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় শর্ত পালন না করায় ডিপোটি রাসায়নিক পণ্য ব্যবস্থাপনার কাজ করতে পারবে না নির্দেশ দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আবার অন্য ডিপোগুলোও এই পণ্য ব্যবস্থাপনা না করায় রাসায়নিকটির রপ্তানিই বন্ধ হয়ে গেছে।
এদিকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকেরা। কারণ, সমুদ্রপথে হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি করতে হলে কারখানা থেকে প্রথমে কনটেইনারে বা কাভার্ড ভ্যানে করে তা ডিপোতে নিতে হয়। ডিপোতে কাস্টমসের শুল্কায়নের পরই বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এ রকম ডিপোর নিবন্ধন রয়েছে ২০টির। এসব ডিপো সব ধরনের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার কাজ করে। তবে রাসায়নিক বা হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানির ব্যবস্থাপনার কাজটির সঙ্গে যুক্ত ছিল শুধু সিসিটিসিএল। ডিপো ছাড়া রাসায়নিক পণ্য ব্যবস্থাপনায় অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই।
এ মুহূর্তে দেশে ডলারের চাহিদা বেশি। এ সময় হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি আয়ও আসবে না। দেশের স্বার্থে দ্রুত অন্য কোনো ডিপোর মাধ্যমে রপ্তানি করা বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া দরকার।মোস্তফা কামাল চেয়ারম্যান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
রাসায়নিক রপ্তানিকারকদের সংগঠন বেসিক কেমিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে দেশে ডলারের চাহিদা বেশি। এ সময় হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি আয়ও আসবে না। দেশের স্বার্থে দ্রুত অন্য কোনো ডিপোর মাধ্যমে রপ্তানি করা বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া দরকার। পণ্যটি রপ্তানিতে বারবার এমন বাধা তৈরি হলে পণ্যটির রপ্তানি বাজার হারাতে হবে।
কাস্টমস কর্মকর্তারা গত সপ্তাহে বেসরকারি সিসিটিসিএল ডিপোটি পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা ডিপোর নানা ঘাটতি শনাক্ত করেন। এরপর মৌখিকভাবে ডিপোতে বিপজ্জনক পণ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম স্থগিত করার তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পেয়ে রপ্তানিকারকদের তা জানিয়ে দেন ডিপো পরিচালনাকারীরা। গত মঙ্গলবার কাস্টমস থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় সিসিটিসিএল ডিপোকে।
ওই চিঠিতে বলা হয়, বিপজ্জনক পণ্য সংরক্ষণ, ওঠানো–নামানোর ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ করা হচ্ছে না ডিপোটিতে। অগ্নিনির্বাপক–সংক্রান্ত সনদও হালনাগাদ নেই। রাসায়নিকের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করার প্রস্তুতি ও সক্ষমতা কোনোটিই নেই এ ডিপোর। এসব কারণে ডিপোটির মাধ্যমে রাসায়নিকের মতো বিপজ্জনক পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কার্যক্রম স্থগিত করার কথা জানানো হয় চিঠিতে।
যোগাযোগ করা হলে কাস্টমসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নিবন্ধনের শর্ত পালন না করায় সিসিটিসিএল ডিপোতে শুধু বিপজ্জনক পণ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্য পণ্য রপ্তানির কাজ করতে পারবে ডিপোটি।
যোগাযোগ করা হলে সিটিটিসিএল ডিপোর ব্যবস্থাপক (প্রশাসন) শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ডিপোর অগ্নিনির্বাপক সনদ বা ফায়ার লাইসেন্স হালনাগাদ রয়েছে। ফায়ার হাইড্রেন্টের (আগুন নেভাতে ব্যবহৃত বিশেষ পানিকল) নকশাও চূড়ান্ত করা হয়েছে। ডিপোর আলাদা জায়গায় রাসায়নিক পণ্য রাখার ব্যবস্থা আছে। নীতিমালা অনুযায়ী, যেসব শর্ত পূরণে ঘাটতি আছে, সেগুলো পূরণের চেষ্টা চলছে।
কাস্টমসের নির্দেশনা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ডিপোটি যখন বিপজ্জনক পণ্য রপ্তানি বন্ধের কথা জানায় তখন ডিপোর সামনে হাইড্রোজেন পার–অক্সাইডবাহী কনটেইনার রপ্তানির অপেক্ষায় ছিল। অন্য কোনো ডিপো রাজি না হওয়ায় রপ্তানিকারকেরা শেষ পর্যন্ত এসব কনটেইনার কারখানায় ফেরত নিয়ে যান। পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের ১৫ কনটেইনার পণ্য ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব পণ্যের রপ্তানিমূল্য ছিল ১ লাখ ২০ হাজার ডলার। রপ্তানির আগেই বিদেশি ক্রেতারা এসব পণ্য বাবদ কিছু ডলারও পরিশোধ করেছেন। এখন রপ্তানি না হলে এসব ডলার আবার ফেরত পাঠিয়ে দিতে হবে।
হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানিকারক পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তারা জানায়, এ মুহূর্তে ৯ হাজার টন রপ্তানির ক্রয়াদেশ রয়েছে তাদের হাতে। এই ক্রয়াদেশের রপ্তানি মূল্য ৩৪ লাখ ডলার বা প্রায় ৩৬ কোটি টাকা। খুব দ্রুত রপ্তানি করা না গেলে অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়বে বিদেশি ক্রেতারা।
রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশে এখন পাঁচটি প্রতিষ্ঠান হাইড্রোজেন পার–অক্সাইড উৎপাদন করে। এসব কারখানার মাসিক উৎপাদনক্ষমতা প্রায় ১২-১৫ হাজার টন। আর দেশে চাহিদা প্রতি মাসে পাঁচ হাজার টন। দেশের চাহিদা মিটিয়ে বাকি পণ্য রপ্তানি করেন দেশীয় উদ্যোক্তারা।
জানতে চাইলে হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানিকারক সামুদা কেমিক্যাল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে চার হাজার টন হাইড্রোজেন পার–অক্সাইড রপ্তানির ক্রয়াদেশ আমাদের হাতে রয়েছে। কিন্তু রপ্তানি করা যাচ্ছে না। রপ্তানি বন্ধ থাকলে কারখানায় উৎপাদনও চালু রাখা যাবে না। কারণ, দেশে চাহিদার তুলনায় উৎপাদন বেশি। রপ্তানির মতো গুরুত্বপূর্ণ এই
খাতে কেন বারবার এমন বাধা আসছে, তা বোধগম্য নয়। রপ্তানি যাতে করা যায়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গত ৪ জুন ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর শিপিং লাইন ও কনটেইনার ডিপোগুলো এই পণ্য পরিবহনে রাজি না হওয়ায় রপ্তানি বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। এরপর দুই মাস বন্ধের পর আবার রপ্তানি শুরু হয়। এখন আবার নিষেধাজ্ঞার কবলে পড়ায় রপ্তানি বন্ধ হয়ে গেল।
অন্য ডিপোগুলো কেন রাসায়নিক ব্যবস্থাপনার কাজ করছে না, জানতে চাইলে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নুরূল কাইয়ূম খান প্রথম আলোকে বলেন, সবাই চাইলে এই পণ্য ব্যবস্থাপনা করতে পারবে না। তবে যেসব ডিপোর রাসায়নিক পণ্য ব্যবস্থাপনা করার সক্ষমতা রয়েছে, তারা চাইলে এই পণ্য ব্যবস্থাপনা করতে পারে।