নির্বাচনী পোস্টার ছাপার কাজ করছেন ছাপাখানার দুই কর্মী। সম্প্রতি ঢাকার নীলক্ষেত এলাকায়
নির্বাচনী পোস্টার ছাপার কাজ করছেন ছাপাখানার দুই কর্মী। সম্প্রতি ঢাকার নীলক্ষেত এলাকায়

নির্বাচনের আগে জমেনি পোস্টার ছাপার ব্যবসা 

সামনে বইমেলা। তাই নতুন বইয়ের কাজ হচ্ছে। আরও কাজ পাওয়ার আশা। তবে উপকরণের দাম বাড়তি থাকায় খাতটি চাপের মধ্যে আছে।

নির্বাচন ঘিরে জোরপ্রস্তুতি নিলেও ছাপাখানার ব্যবসা এবার তেমন জমেনি। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যবহৃত কাগজের পোস্টার, লিফলেট ও কার্ডের সঙ্গে ডিজিটাল ব্যানার-ফেস্টুনও তুলনামূলক কম ছাপানো হচ্ছে। প্রার্থীদের অনেকেই নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি মনোযোগ দেওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে ছাপাখানাগুলোয়।

মুদ্রণশিল্পের ব্যবসায়ী ও কর্মীরা এমন দাবি করেছেন। তাঁরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) তাদের সমমনা অনেক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কারণেই মূলত নির্বাচনী পোস্টার, লিফলেট ও কার্ড— এসব ছাপার কাজ অনেকটা কমে গেছে। আর যাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাঁরাও এবার পোস্টার কম ছাপাচ্ছেন। ফলে পাড়া-মহল্লায়ও ব্যানার–পোস্টারের সংখ্যা এবার কম। সব দল অংশ নিলে অবশ্য নির্বাচন উৎসবের আমেজ পেত এবং প্রচার-প্রচারণাও বেশি জমে উঠত।

ছাপাখানাগুলো জানায়, নির্বাচনকেন্দ্রিক ব্যবসা ভালো না হওয়ায় এখন তারা নতুন বই ছাপানোর কাজ নিচ্ছে। ফেব্রুয়ারিতে বইমেলা থাকায় কমবেশি কাজ আসতে শুরু করেছে এবং সামনে আরও কাজ পাওয়ার আশা তাঁদের। 

সম্প্রতি সরেজমিন আলাপকালে রাজধানীর নয়াবাজার, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, পুরানা পল্টন ও নীলক্ষেত এলাকার মুদ্রণ ব্যবসায়ীরা প্রথম আলোকে জানান, নতুন বছর সামনে রেখে নভেম্বর-ডিসেম্বরে এমনিতেই বই, ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর একটি চাপ থাকে। এবার একই সময়ে নির্বাচন পড়ায় তাঁরা বাড়তি প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নির্বাচনে সব দল শরিক না হওয়ার পাশাপাশি অংশ নেওয়া প্রার্থীরা তুলনামূলক কম অর্থ ব্যয় করায় ছাপার কাজ কম হয়েছে। 

বড় একটি দল নির্বাচনে আসেনি, তাতে স্বাভাবিকভাবেই ব্যবসা কমেছে। যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা কিছু পোস্টার ছাপিয়েছেন। তবে সেটি অন্য যেকোনো বারের তুলনায় কম। 
শহীদ সেরনিয়াবাত, সভাপতি, বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি

বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, বড় একটি দল নির্বাচনে আসেনি, তাতে স্বাভাবিকভাবেই ব্যবসা কমেছে। যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা কিছু পোস্টার ছাপিয়েছেন। তবে সেটি অন্য যেকোনো বারের তুলনায় কম। তবে ছাপাখানা এখন একেবারে বসে আছে, এমনও নয়। কারণ, নতুন বইয়ের কাজ হচ্ছে। সামনে বইমেলা আছে। ছাপাখানায় কমবেশি কাজ আসবে। 

উপকরণের দাম বেশি

মুদ্রণকাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এক বছরের বেশি সময় ধরে দফায় দফায় কাগজের কাঁচামাল, কালিসহ আনুষঙ্গিক উপকরণের দাম বেড়েছে। তাতে বর্তমানে পাইকারিতে হোয়াইট ও নিউজপ্রিন্ট কাগজের মানভেদে টনপ্রতি দাম এখন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উঠেছে। অথচ এক বছর আগেও দাম ছিল এখনকার প্রায় অর্ধেক। অর্থাৎ তখন প্রতি টনের দাম ছিল ৮০ থেকে ৯০ হাজার টাকা।

বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত এ নিয়ে বলেন, উপকরণের দাম বাড়তি থাকায় মুদ্রণ খাত বর্তমানে চাপের মধ্যে আছে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল প্রথম আলোকে বলেন, ‘করোনার পর থেকে প্রকাশকেরা চাপে আছেন। উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সেই চাপ আরও বেড়েছে। তাতে প্রকাশকেরা কাজ চলিয়ে নিলেও করোনার আগের মতো অত গতি নেই। এই চাপ থেকে প্রকাশকদের বের করে নিয়ে আসার জন্য সরকারের দৃশ্যত কোনো পদক্ষেপও আমরা দেখি না।’ 

দেশের মুদ্রণবাজারের আকার 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সাড়ে পাঁচ হাজার মুদ্রণ কারখানা তথা ছাপাখানা রয়েছে। এর মধ্যে বড় এক হাজার, মাঝারি দুই হাজার ও ক্ষুদ্র কারখানা আড়াই হাজার। সর্বোচ্চ তিন হাজার মুদ্রণ কারখানা রয়েছে ঢাকায়। এসব কারখানা মূলত রাজধানীর আরামবাগ, নয়াপল্টন, বিজয়নগর, কাঁটাবন, নীলক্ষেতসহ পুরান ঢাকার সূত্রাপুর, বাবুবাজার, বাংলাবাজার, ইসলামপুর, লালবাগ প্রভৃতি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে গড়ে উঠেছে। 

বিসিকের তথ্যানুযায়ী, সার্বিকভাবে প্রায় ৭০ শতাংশ মুদ্রণ কারখানাই অপরিকল্পিতভাবে গড়ে ওঠা। তাই কারখানাগুলোকে পরিকল্পিতভাবে এক জায়গায় নিয়ে আসতে ২০১৬ সালে মুদ্রণশিল্প পার্ক গড়ে তোলার প্রকল্প অনুমোদন করে সরকার। এ জন্য মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বড়বত্তার এলাকায় ৪৩ একর জায়গা নেওয়া হয়। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি। 

মুদ্রণশিল্পে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে বই, সাময়িকী, পত্রিকা, প্যাড, খাতা, স্টিকার, লিফলেট, ডায়েরি, ভিউকার্ড, ভিজিটিং কার্ড, কার্টন ইত্যাদি। এই শিল্পে উৎপাদিত পণ্য ও সেবার বার্ষিক আর্থিক মূল্য দেড় হাজার কোটি টাকা। আর রপ্তানি হয় ১৫০ কোটি টাকার পণ্য। মুদ্রণশিল্পে প্রত্যক্ষভাবে দেড় লাখ ও পরোক্ষভাবে প্রায় তিন লাখ মানুষ যুক্ত রয়েছে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।