বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বেড়েছে। এই দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে তা সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশ্ববাজারের পাশাপাশি দেশেও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন করে মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এর আগে ১৫ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পায়। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। গতকাল পর্যন্ত এ দামেই বিক্রি হয়েছে প্রতি ভরি সোনা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের রুপার দাম বেড়েছে ভরিতে ২৩৩ টাকা। এতে করে আজ বৃহস্পতিবার থেকে এক ভরির রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।