
ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে চীনের হাইসেন্স ইন্টারন্যাশনাল অংশীদারির মাধ্যমে যাত্রা শুরু করেছে। তারা ‘বাংলাদেশ হাইসেন্স’ নামে নতুন ব্র্যান্ড গড়ে তুলেছে। এর ফলে দেশের উৎপাদন খাতের সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা। তাঁরা মনে করেন, এই অংশীদারির মধ্য দিয়ে দেশে কর্মসংস্থান বাড়বে এবং আরও প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি হবে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ হাইসেন্স’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মত দেন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি এবং হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন আল মাহবুব প্রমুখ।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজ আমরা যে এই মঞ্চে দাঁড়িয়ে আছি, তা সম্ভব হয়েছে আগস্ট বিপ্লবের কারণে। এই বিপ্লবের মর্ম ছিল, দেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। তা করার অন্যতম হাতিয়ার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা। হাইসেন্সের সঙ্গে ফেয়ার ইলেকট্রনিকসের এই অংশীদারি ঠিক সেই কাজটি করবে।’
শেখ বশিরউদ্দীন হাইসেন্স ইন্টারন্যাশনালকে আশ্বাস দেন যে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণে সরকার যথাসাধ্য সহযোগিতা করবে। তিনি আরও বলেন, হাইসেন্সের মতো বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কোম্পানির অংশীদারি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে তিনি ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের ফেয়ার গ্রুপের সঙ্গে হাইসেন্সের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের ফলে বোঝা যায়, বাংলাদেশের উৎপাদন খাত কতটা এগিয়েছে। বাংলাদেশ সরকার এই অংশীদারির সফলতা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি জানান, ব্যক্তিগতভাবে তাঁর ইচ্ছা ছিল হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সঙ্গে সশরীরে দেখা করা। কিন্তু এবার তা সম্ভব হলো না।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন আল মাহবুব বলেন, বাংলাদেশের বাজার অনেক বড়। এখানকার জনগোষ্ঠীর বড় অংশ এখনো তরুণ । ফলে ভবিষ্যতে ইলেকট্রনিকস পণ্যের বাজার আরও বড় হবে। হাইসেন্স সম্পর্কে তিনি বলেন, এটি একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা, তাদের পণ্য বাংলাদেশের স্থানীয় বাজারের জন্য উপযোগী এবং দামও মানুষের নাগালের মধ্যে রয়েছে।
রুহুল আমিন আল মাহবুব বলেন, ‘হাইসেন্সের মতো বড় ব্র্যান্ডের বাংলাদেশে আসার সুবিধা হলো, এ ধরনের উদ্যোগের সঙ্গে একটা ব্যাকওয়ার্ড লিংকেজ বা পশ্চাৎসংযোগ শিল্প গড়ে ওঠে। এতে মূল্য সংযোজন হয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, হাইসেন্সের সঙ্গে এই অংশীদারির মধ্য য়ে সর্বোচ্চ মূল্য সংযোজন করা। শিগগিরই দেশে আরেকটি কারখানা নির্মাণ করা হবে।’ নি আরও বলেন, ‘কারখানার জন্য আমাদের আরও প্রশিক্ষিত জনবল দরকার। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা নরসিংদীতে পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।’