বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, বিডি লেপাচু লিমিটেডের মহাব্যবস্থাপক হে ঝি লং প্রমুখ
বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, বিডি লেপাচু লিমিটেডের মহাব্যবস্থাপক হে ঝি লং প্রমুখ

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু

বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের জন্য বাংলাদেশে তৈরি হবে বিশেষ ধরনের পরচুলাযুক্ত কৃত্রিম মাথা। মূলত চুল কাটা, সাজানো ও পরিচর্যার প্রশিক্ষণে এসব কৃত্রিম মাথা ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এ ধরনের পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করবে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড।

কারখানাটি স্থাপনে প্রতিষ্ঠানটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। সেখানে বছরে এক লাখ কৃত্রিম মাথা বা ‘হেয়ার ম্যানিকুইন হেড’ উৎপাদিত হবে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ লাখ ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই কারখানায় ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ লক্ষ্যে আজ রোববার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বেপজা জানিয়েছে, বিডি লেপাচুর কারখানায় চার ধরনের শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেড তৈরি হবে। এগুলো হলো অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ ও স্লিপ-অন সিরিজ। আন্তর্জাতিক পর্যায়ের সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সেলুনগুলোর জন্য বিশেষভাবে এসব পণ্য তৈরি করা হবে। উৎপাদিত পণ্য ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের মতো আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের রপ্তানি খাতে তৈরি পোশাকের বাইরে নতুন ধরনের পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে বেপজা। সংস্থাটি বলছে, অপ্রচলিত ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টা চলছে।

চুক্তিতে বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন ও বিডি লেপাচু লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হে ঝি লং স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়া এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। কারখানা স্থাপন ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

ঈশ্বরদীতে পরচুলা ও প্রসাধনশিল্পের প্রসার

বেপজা জানায়, ঈশ্বরদী ইপিজেডে ইতিমধ্যে চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা ও প্রসাধনী পণ্য উৎপাদন করছে। নতুন মার্কিন বিনিয়োগের ফলে এ ধরনের পণ্য উৎপাদনের পরিধি আরও বাড়বে বলে আশা করছে বেপজা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। আরও আটটি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন। প্রতিষ্ঠার পর থেকে এই ইপিজেড থেকে মোট ২৩৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ পর্যন্ত প্রকৃত বিনিয়োগ এসেছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। এসব শিল্পপ্রতিষ্ঠানে ২০ হাজার ৯২৮ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।