
কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। প্রতিবেশী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানির বড় সম্ভাবনা থাকলেও শুল্কবহির্ভূত বাধা, স্থলবন্দরের জটিলতা ও পরিবহন সমস্যার কারণে সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
এ পরিস্থিতিতে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বাণিজ্যিক কূটনীতি জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এ কথা উঠে আসে। ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে প্রাণ গ্রুপ। এতে বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিপক্ষীয় বাণিজ্যের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। তবে কীভাবে এই বৈচিত্র্যকরণে বাস্তব ফল পাওয়া যাবে, সে বিষয়ে আরও বেশি কাজ করতে হবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তুলে ধরতে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিল্পটির অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে সহায়তা করবে।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, সমাজে দৃষ্টিভঙ্গি তৈরি ও নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। অথচ প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য একটি বড় বাজার। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে (সেভেন সিস্টার্স) বাংলাদেশি পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু স্থলবন্দরের জটিলতা ও বিভিন্ন শুল্কবহির্ভূত বাধার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।
প্রাণ গ্রুপ জানিয়েছে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি প্রতিবছর সাংবাদিকদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করে। এবারের কর্মশালার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ সম্পর্কে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।